Aaj India Desk, কলকাতা : অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) ৩,০০০ টাকা না পাওয়া বহু আবেদনকারীর জন্য এবার নতুন আশার বার্তা দিল রাজ্য সরকার। যাঁদের আবেদন আগে ‘Application Rejected’ দেখাচ্ছিল, তাঁদের অনেকের স্ট্যাটাস এখন ‘Under Enquiry’ হয়েছে। তবে ‘Under Enquiry’ হওয়া মানেই টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে চিন্তিত রাজ্যবাসী। তবে সেই চিন্তা দূর করতে এবার নয়া ঘোষণা করলেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায়।
রবিবার মেখলিগঞ্জের বিধায়ক ও নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভা রায় জানান, অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) যাঁদের আবেদন বাতিল হয়েছে বলে দেখানো হয়েছে, তাঁদের সমস্ত আবেদন নতুন করে খতিয়ে দেখা হবে। মন্ত্রী বলেন, প্রশাসনের প্রতিনিধিরা আবেদনকারীদের বাড়িতে গিয়ে তথ্য ও নথি যাচাই করবেন। কেন আবেদন প্রত্যাখ্যাত হয়েছে, তা সমীক্ষার মাধ্যমে খতিয়ে দেখা হবে। একইসঙ্গে আবেদনকারী প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কি না, তাও যাচাই করা হবে। তাঁর বক্তব্য, “কোনও যোগ্য উপভোক্তা যাতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হবে।”
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই বহু আবেদনকারী নানা সমস্যার মুখোমুখি হন। প্রথমে একাধিকবার আবেদনপত্রের ফরম্যাট পরিবর্তন হয়, এরপর অফলাইনে আবেদন জমা দেওয়ার পরও অনেককে নতুন করে অনলাইনে আবেদন করতে বলা হয়। অন্যদিকে এসএমএস পেলেও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েনি। আবার বহু আবেদনকারী সরকারি পোর্টালে নিজেদের আবেদনপত্রের স্ট্যাটাসে ‘Application Rejected’ দেখতে পান, যা নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। যদিও বিক্ষোভের পরে অনেকের স্ট্যাটাস ‘Under Enquiry’-তে পরিবর্তিত হয়।
পরিস্থিতির জেরে সরকার প্রত্যাখ্যাত আবেদনগুলির পুনরায় যাচাই এবং প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য ও নথি পরীক্ষা করার আশ্বাস দিলেও এখনও পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি যে ‘Under Enquiry’ হওয়া আবেদনকারীরা নিশ্চিতভাবে আর্থিক সুবিধা পাবেন। ফলে এই প্রকল্পের সুবিধা প্রকৃত যোগ্য আবেদনকারীরা পাবেন কিনা এখন সেদিকেই নজর।


