22 C
Kolkata
Friday, November 20, 2026
spot_img

৫ কোটির রহস্যে এবার CID এর মুখোমুখি! ভবানীভবনে হাজির ‘পাথরসম্রাট’ টুলু!

Aaj India Desk, কলকাতা : দীর্ঘদিনের রহস্য, কোটি কোটি টাকার হিসেব আর একাধিক অভিযোগ! অবশেষে তদন্তকারীদের মুখোমুখি বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডল (Tulu Mondal)। গত বছর কলকাতায় তাঁর ম্যানেজারের কাছ থেকে উদ্ধার হয়েছিল নগদ ৫ কোটি টাকা। সেই বিপুল অঙ্কের টাকার উৎস কী? কারা জড়িত এই লেনদেনে? এতদিনের জল্পনা-প্রশ্নের উত্তর খুঁজতেই এবার সিআইডির তলবে ভবানীভবনে হাজির টুলু।

বৃহস্পতিবার সিউড়ির সুভাষপল্লিতে টুলু মণ্ডলের বাড়ি ‘দালিলা ভবন’-এর বাইরে নোটিস সাঁটিয়ে দেয় সিআইডি। সেখানে এসওজি সেকশনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই নির্দেশ মেনেই শুক্রবার ভবানীভবনে পৌঁছন টুলু (Tulu Mondal)। ইতিমধ্যেই শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

উল্লেখ্য, টুলু মণ্ডলের (Tulu Mondal) বিরুদ্ধে রাজস্বের টাকা নয়ছয় এবং ভুয়ো ডিসিআরপি তৈরি করে কর ফাঁকির মতো একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল জমানায় একাধিক সরকারি প্রকল্পের বরাত পাওয়ার কথাও উঠে এসেছে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায়। এই মামলায় ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে টুলুর।

পুলিশের দাবি, অভিযোগ সামনে আসার পর থেকেই কার্যত নিখোঁজ ছিলেন তিনি। তদন্তকারীদের সন্দেহ ছিল, দুবাইয়ে আত্মগোপন করে রয়েছেন এই পাথর ব্যবসায়ী। এরপরই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ১৭ নভেম্বরের মধ্যে তাঁকে দেশে ফিরতে হবে। পাশাপাশি ৭ ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না বলেও জানায় শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই দেশে ফেরেন টুলু মণ্ডল।

দেশে ফেরার পর বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন টুলু। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে মামলা করেন তিনি। রক্ষাকবচ উঠে যাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হতে পারে, এই আশঙ্কাও আদালতে জানান তাঁর আইনজীবীরা। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি রয়েছে কি না, তা নিয়েও আদালতের দৃষ্টি আকর্ষণ করেন টুলু। ওই নোটিসের ভিত্তিতে কোনও পদক্ষেপ করার আগে তাঁকে যথাযথভাবে জানানোর আবেদনও করেন তিনি।

এখন মূল নজর সিআইডির জিজ্ঞাসাবাদে। উদ্ধার হওয়া ৫ কোটি টাকার উৎস কী? কারা এই আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত? টুলু মণ্ডলকে জিজ্ঞাসাবাদে কি সেই রহস্যের কোনও সূত্র মিলবে? তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন