Aaj India Desk, কলকাতা: তৃতীয় লিঙ্গের (Third Gender) মানুষদের স্বনির্ভর করে তুলতে এবং সমাজে তাঁদের সম্মানজনক জায়গা করে দিতে নতুন পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার (State Government)। এবার থেকে পুরসভার বিভিন্ন কাজেও দেখা যেতে পারে তাঁদের। বাড়ি ও সম্পত্তি কর আদায়ের দায়িত্বে যেমন তাঁদের যুক্ত করার ভাবনা রয়েছে, তেমনই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজেও নিয়োগের পরিকল্পনা করছে সরকার।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানিয়েছেন, যাঁরা বর্তমানে রাস্তায় বা ট্রাফিক সিগন্যালে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন, তাঁদের প্রশিক্ষণ দিয়ে অন্য ধরনের কাজের সুযোগ করে দিতে চায় সরকার। এর মাধ্যমে তাঁদের জন্য নিয়মিত আয়ের ব্যবস্থা করার পাশাপাশি সামাজিক সম্মানও নিশ্চিত করার চেষ্টা করা হবে। কাজের বিনিময়ে তাঁদের নির্দিষ্ট পরিমাণ সাম্মানিক দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
ট্রাফিক সামলানোর দায়িত্বে থাকবেন রূপান্তরকামীরা
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ভিক্ষা করার পরিবর্তে প্রশিক্ষণপ্রাপ্ত রূপান্তরকামীরা যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কাজে যুক্ত হতে পারেন। পাশাপাশি সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করবেন তাঁরা। বাইক চালানোর সময় হেলমেট পরা, গাড়িতে সিটবেল্ট বাঁধা এবং রাস্তায় যেখানে-সেখানে থুতু না ফেলার মতো বিষয়েও প্রচার চালানোর দায়িত্ব দেওয়া হতে পারে তাঁদের।
শুধু ট্রাফিক ব্যবস্থাপনাই নয়, পুরসভার বাড়ি ও সম্পত্তি কর সংগ্রহের কাজেও রূপান্তরকামীদের নিয়োগ করার কথা ভাবছে রাজ্য সরকার। অর্থাৎ, এই কাজের মাধ্যমে তাঁদের উপার্জনের একটি নতুন পথ তৈরি হবে। একই সঙ্গে পুরসভাগুলির কর আদায়ের কাজও আরও সহজ হবে বলে মনে করছে সরকার। এদিকে, পুরসভার বকেয়া কর আদায়ের জন্য ইতিমধ্যেই একটি বিশেষ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে বাড়ির মালিকেরা দীর্ঘদিনের বকেয়া কর জমা দিলে মূল করের সম্পূর্ণ টাকা দিতে হবে। তবে জমে থাকা জরিমানার ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। কর বকেয়া থাকা বাড়ির মালিকদের টাকা জমা দিতে উৎসাহিত করতেই এই উদ্যোগ।
রাজ্য সরকারের পরিকল্পনা, রূপান্তরকামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে পুরসভার বিভিন্ন কাজে যুক্ত করা গেলে দু’দিক থেকেই লাভ হবে। একদিকে তাঁদের সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে পুরসভার রাজস্ব আদায়ও বাড়বে।


