Aaj India Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের নতুন বিতর্কের সূত্রপাত। দলের নেতা ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)-এর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শুরু হয়েছে চর্চা।
যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি, রাজনৈতিক মহলের একাংশের ধারণা, তাঁর এই মন্তব্যের নিশানায় রয়েছেন তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandopadhyay)।
সম্প্রতি কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লেখেন, “মমতা, আমার গাড়িটার বয়স হয়ে গেছে। ওটার বদলে নতুন গাড়ি কিনতে চাই। পার্টি কি আমাকে কিছু টাকা দিতে পারে?” পোস্টে তিনি দাবি করেন, অতীতে হোয়াটসঅ্যাপে এমন অনুরোধ করা হয়েছিল।
এরপরই নাম না করে কড়া কটাক্ষ করেন কুণাল। তিনি লেখেন, যিনি নির্বাচনী হলফনামায় নিজেকে কোটিপতি হিসেবে উল্লেখ করেছেন, এমনকি তাঁর ব্যবসাও কোটিপতি, তিনি কেন দলের কাছে গাড়ি কেনার জন্য অর্থ সাহায্য চাইবেন?
এখানেই থামেননি তৃণমূল নেতা। তিনি আরও লেখেন, “গাড়ির বয়স হয়েছে, পাল্টাবে। তাহলে নিজের বয়স হয়েছে, পদে নতুন কেউ এলে গা জ্বলবে কেন?” পাশাপাশি তাঁর প্রশ্ন, যিনি দলের কাছে গাড়ির জন্য টাকা চাইতে পারেন, তিনি দলবদলের সময় আরও কী কী দাবি করেছিলেন বা পেয়েছিলেন?
কুণালের এই পোস্ট সামনে আসতেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে দলের অন্দরে নেতৃত্ব নিয়ে যে টানাপোড়েন ও অসন্তোষের খবর সামনে এসেছে, তারই প্রেক্ষাপটে এই পোস্ট আবার নতুন করে জল্পনা আগুনের ঘি ঢেলেছে ।
তবে কুণাল ঘোষ কোথাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম করেননি। অন্যদিকে, এই বিষয়ে এখনও পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে জল্পনা বাড়লেও, অভিযোগের সত্যতা নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই গিয়েছে।


