Aaj India Desk, কলকাতা : বিধানসভা নির্বাচনের পর বিরোধী দলগুলির থেকে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের কাজ ও নীতি নিয়ে নানা ব্যঙ্গ ও সমালোচনা উঠে এসেছিল। তবে সেইসব সমালোচনা উড়িয়ে দিয়ে মন খুলে নতুন মুখ্যমন্ত্রীর কাজের প্রশংসা করলেন খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পত্নী মিরা ভট্টাচার্য (Mira Bhattacharjee)। ক্ষমতায় আসার অল্প সময়ের মধ্যেই বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের উদ্যোগ দেখিয়েছে বলে স্বীকার করেন তিনি।
শুভেন্দু সম্পর্কে কী বললেন?
মীরা ভট্টাচার্য (Mira Bhattacharjee) জানান, নতুন সরকার অল্প সময়ের মধ্যেই ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তাঁর কথায়, “মাত্র কয়েক দিনের মধ্যে যেভাবে সরকার কাজ শুরু করেছে, তা প্রশংসনীয়। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলি দ্রুত কার্যকর করার চেষ্টা দেখা যাচ্ছে।” এরপরেই তিনি আশা প্রকাশ করেন, সরকার মানুষের কাছে করা প্রতিশ্রুতিগুলি পূরণ করতে যেন সক্ষম হন।
তিনি বিশেষভাবে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, স্বচ্ছ অ্যাপ চালু করার মতো উদ্যোগগুলির উল্লেখ করেন। পাশাপাশি বলেন, “যে কোনও সরকার যদি রাজ্যের মানুষের কল্যাণে কাজ করে, তবে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাকে সম্মান জানানো উচিত।” তবে বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কখনও দেখা হয়নি বলেও জানান মীরা ভট্টাচার্য।
তুলনা মানতে নারাজ
নতুন সরকারের প্রশংসা করলেও বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকাল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। মীরা ভট্টাচার্যের (Mira Bhattacharjee) দাবি, বামফ্রন্ট আমল এবং তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের শাসনকে এক পাল্লায় মাপা যায় না। তিনি বলেন, বামফ্রন্ট সরকারের সময় নন্দন, বিদ্যাসাগর সেতু, সাহিত্য আকাদেমি, শিশু কিশোর আকাদেমির মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। পাশাপাশি কৃষিক্ষেত্রেও পশ্চিমবঙ্গ দেশের অন্যতম অগ্রণী রাজ্যে পরিণত হয়েছিল বলে তাঁর দাবি। সিঙ্গুরে টাটা মোটরসের প্রকল্প বাতিল হওয়া নিয়েও ফের মন্তব্য করেন মীরা ভট্টাচার্য। তাঁর দাবি, বর্তমানে এলাকার বহু মানুষ সেই সিদ্ধান্তের জন্য আক্ষেপ করেন।
শেষে মিরা ভট্টাচার্য বলেন, তাঁর প্রয়াত স্বামীর স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন। নতুন সরকার যদি রাজ্যের হারানো মর্যাদা ফিরিয়ে আনতে পারে, তবে তা অবশ্যই স্বাগত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।


