Aaj lndia Desk,কলকাতা: ফুটবল তারকা লিওনেল মেসি(Lionel Messi)-র কলকাতা সফরকে কেন্দ্র করে এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ‘গোট ট্যুর’ ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত (Satadru Dutta) র বিরুদ্ধে এবার ৫ কোটি টাকার তোলাবাজি, হুমকি, মানহানি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে।
কলকাতার প্রগতি ময়দান থানায় এই অভিযোগ দায়ের করেছেন শহরের ব্যবসায়ী অভিজিৎ দত্ত (Abhijit Dutta)। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির উপস্থিতিতে যে মেগা ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল, সেখানে তিনি ইভেন্ট ক্রু হিসেবে কাজ করেছিলেন এবং বৈধ এন্ট্রি পাসও পেয়েছিলেন।
অভিযোগ , ওই অনুষ্ঠানে পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাবে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। হাজার হাজার ভিড়ের মধ্যে কিছু বহিরাগত ঢুকে পড়ে।যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
এই ঘটনায় অনেক অতিথি ও উপস্থিত ব্যক্তিরা সমস্যার মুখে পড়েন বলে দাবি করা হয়েছে। অভিযোগকারী নিজেও সেখানে শারীরিকভাবে হেনস্থার শিকার হন বলে জানান।পরবর্তীতে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ওই ঘটনার জন্য দোষী করে একটি পোস্ট করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা বলে তিনি অভিযোগ করেছেন। এরপর আরও চাপ ও হুমকির পরিস্থিতি তৈরি হয় বলে তাঁর দাবি।
অভিযোগে আরও বলা হয়েছে, গত ৩ জুন ২০২৬ তারিখে একটি বৈঠকে তাকে কলকাতার একটি হোটেলে ডাকা হয়। সেখানে শতদ্রু দত্ত (Satadru Dutta) উপস্থিত ছিলেন বলেও অভিযোগ।অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, সেখানে তাকে ৫ কোটি টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হয় এবং না দিলে আইনি মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।এই ঘটনায় আবার নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে শতদ্রু দত্তর পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


