Aaj India Desk, কলকাতা: বারো পাতার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ইতিমধ্যেই সেই ফর্ম ডাউনলোডে (Form Download)-এর সুবিধাও চালু হয়েছে। শুক্রবার থেকেই বহু মানুষ ফর্ম ফিলাপ করা শুরু করবেন বলেই মনে করা হচ্ছে। তবে ফর্ম পূরণ করতে গিয়ে কারও কোনও সমস্যা হলে বা কিছু বুঝতে অসুবিধা হলে কী করবেন, তা নিয়েও প্রশ্ন উঠছে।
বুঝতে না পারলে কোথায় যাবেন?
এই ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের এলাকার বিডিও অফিস বা পুরসভার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। কারণ, নতুন আবেদনপত্র যাচাইয়ের দায়িত্ব থাকবে প্রশাসনের অনুমোদিত আধিকারিকদের উপর। রাজ্য জুড়ে প্রায় ৩০ দিনের বাড়ি বাড়ি যাচাই প্রক্রিয়াও চালানো হবে। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনও টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ঘোষণা করা হয়নি।
ফর্মে কি কি তথ্য লাগছে?
ক. ফর্মে আবেদনকারীর নাম, পরিচয়পত্রের তথ্য এবং আধার নম্বর দিতে হবে। পাশাপাশি পরিবারের সমস্ত সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোডও জমা দিতে হবে। রেশন কার্ড রয়েছে কি না, সেটাও জানাতে হবে।
খ. এছাড়াও পরিবারের কারও স্বাস্থ্যবিমা থাকলে তার তথ্য দিতে হবে। পরিবারের সদস্যরা কোথায় কাজ করেন, সেটাও উল্লেখ করতে হবে। আবেদনকারীর পরিবারের নামে চারচাকা গাড়ি আছে কি না, পাকা বাড়ি আছে কি না এবং থাকলে কতগুলি আছে, সেই তথ্যও দিতে হবে।
গ. এতেই শেষ নয়, পরিবারের মোট বার্ষিক আয়, অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কি না, সেই তথ্যও চাওয়া হয়েছে। পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কোনও সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছে কি না বা SIR প্রক্রিয়া সংক্রান্ত কোনও মামলা ট্রাইবুনালে বিচারাধীন আছে কি না, তাও জানাতে হবে সরকারকে।


