Aaj lndia Desk, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে এক বিধবা ভাতা প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমা দেখানোকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলকোটের লাখুরিয়া গ্রাম পঞ্চায়েতের আটঘরা গ্রামের বাসিন্দা ঝুমা দাস পেশায় পরিচারিকার কাজ করেন। স্বামীর মৃত্যুর পর সরকারি বিধবা ভাতার টাকাই তাঁর সংসারের বড় ভরসা। কিন্তু টানা প্রায় তিন মাস ভাতার টাকা না পেয়ে সোমবার তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় পাসবই আপডেট করতে যান। আর সেখানেই সামনে আসে অবাক করা তথ্য।
পাসবইয়ে ১ কোটি টাকা দেখে বিশ্বাসই করতে পারেননি
পাসবই আপডেট করার পর দেখা যায়, ২০২৬ সালের ৪ জুলাই ‘Widow Pension’ বাবদ তাঁর অ্যাকাউন্টে ১ কোটি টাকা জমা হয়েছে বলে এন্ট্রি রয়েছে। এত টাকা দেখে ঝুমা দাস প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে তিনি বাড়িতে ফিরে পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বিষয়টি জানান। এরপর কোনও সমস্যায় পড়তে না হয়, সেই কারণে মঙ্গলকোট থানায় গিয়ে বিষয়টি জানান।
‘আপনারা মিথ্যা কথা কইছেন’—ব্যাঙ্কে বলেছিলেন ঝুমা
ঝুমা দাসের দাবি, ব্যাঙ্কের কর্মীরা প্রথমে তাঁকে বলেন, তাঁর অ্যাকাউন্টে ১ কোটি টাকা রয়েছে। উত্তরে তিনি বলেন, “আপনারা মিথ্যা কথা কইছেন। আমি তো তিন-চার মাস বিধবা ভাতার টাকা পাইনি। আমরা গরিব মানুষ।” পরে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়, কম্পিউটারে ওই অঙ্কের টাকা দেখাচ্ছে।
ব্যাঙ্ক বলছে কম্পিউটারের ভুল, বদলে দেওয়া হল পাসবই
মঙ্গলবার আবার ব্যাঙ্কে গেলে কর্তৃপক্ষ তাঁকে জানায়, এটি কম্পিউটারের ত্রুটির কারণে হয়েছে। এরপর তাঁর পাসবই বদলে দেওয়া হয়। তবে কী কারণে এমন ভুল দেখানো হয়েছিল, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
টাকা তাঁর নয়, তদন্তের দাবি ঝুমার
ঝুমা দাস বলেন, ওই টাকা তাঁর প্রাপ্য নয়। যদি ভুল করে অন্য কারও টাকা তাঁর অ্যাকাউন্টে দেখানো হয়ে থাকে, তাহলে সেটি দ্রুত ঠিক করা উচিত। পাশাপাশি তাঁকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কি না, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি। ব্যাঙ্ক কর্তৃপক্ষ কম্পিউটারের ভুলের কথা বললেও, পুরো ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ।


