29 C
Kolkata
Monday, August 24, 2026
spot_img

‘হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে…’ফুটপাথে শিশুর দুধ গরম বিতর্কে শেষমেশ নিজের ভুল মানলেন অগ্নিমিত্রা?

Aaj India Desk, কলকাতা: পার্কস্ট্রিটের (Park Street) ফ্রি স্কুল স্ট্রিটে ফুটপাত দখলমুক্ত (Footpath Encroachment) করার সময় এক প্রৌঢ়ার সঙ্গে অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) বচসার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। শিশুর জন্য ফুটপাথে স্টোভে দুধ গরম করা নিয়ে অগ্নিমিত্রার আচরণকে ‘অমানবিক’ বলে আক্রমণ করেছে বিরোধীরা। তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে পুরমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ব্যস্ত রাস্তায় ছ’মাসের শিশুকে রেখে স্টোভ জ্বালানো কতটা নিরাপদ?

বিরোধীদের কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, “গতকাল সারাদিন বিরোধী দলের অনেক কান্নাকাটি শুনলাম ফ্রি স্কুল স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে। কিন্তু বাস্তবটা হল, ওই পরিবারের কাছে এক বাটি দুধ নিয়ে কেউ এগিয়ে আসেনি! সবাই রাজনীতির আগুনে নিজেদের রুটি সেঁকেছে।”

অতীতের সরকারগুলির প্রসঙ্গ তুলে তাঁর মন্তব্য, “যাঁরা ‘অপারেশন সানশাইন’ করেছেন, আর ১৫ বছর ধরে তোলা আদায় করে ফুটপাতে হকার বসিয়ে সারা বাংলাকে শেষ করেছেন, তাঁদের কাছ থেকে অন্তত আমাদের মানবিকতার পাঠ নিতে হবে না।”

শিশুটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে অগ্নিমিত্রা বলেন, “যদি বাচ্চাটা রাস্তায় নেমে আসত বা স্টোভ উল্টে কোনো বড় অগ্নিকাণ্ড ঘটত, তবে তার দায় কে নিত? পুর ও নগরোন্নয়ন দফতর? পুলিশ? সরকার নাকি সোচ্চার হওয়া এই বিরোধীরা?”

ফুটপাতবাসী পরিবারের পুনর্বাসনের প্রসঙ্গও তোলেন তিনি। তাঁর দাবি, ওই মহিলা ধাপায় থাকার কথা জানিয়েছিলেন এবং পরিবারটিকে আগে হোমে বা নিজেদের জায়গায় ফিরে যাওয়ার কথাও বলা হয়েছিল। পাশাপাশি বস্তিবাসীদের জন্য সরকারি জমিতে বিনামূল্যে আবাসন তৈরির পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জায়গা বলে জানিয়ে অগ্নিমিত্রার বক্তব্য, হকারদের জন্য নির্দিষ্ট অংশ রেখে বাকিটা পথচারীদের জন্য খোলা রাখতে হবে। কলকাতাকে সুন্দর ও সুশৃঙ্খল না করলে বিনিয়োগের পরিবেশ তৈরি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

তবে বিতর্কের শেষে নিজের আচরণ নিয়েও আত্মসমালোচনা করেন অগ্নিমিত্রা। তিনি স্বীকার করেন, “হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছিলাম। সেটা হয়তো আমার আরেকটু নরম সুর বা বুঝিয়ে বলা দরকার ছিল।” তবে ফুটপাত দখলমুক্ত করার অবস্থান থেকে সরকার যে সরবে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন