36 C
Kolkata
Tuesday, May 26, 2026
spot_img

দুই দশক পরেও কেনো অসম্পূর্ণ ‘বর্ণপরিচয়’ ? আর্থিক হিসাবের দাবি তরুনজ্যোতির!

Aaj India Desk, কলকাতা : কলেজ স্ট্রিটে ফুটপাথের বই বিক্রেতাদের উচ্ছেদ করা নিয়ে গুজবের মাঝেই উঠে এলো অন্য ইস্যু। মঙ্গলবার সামাজিক মাধ্যমে করা এক পোস্টে বইপাড়ার দীর্ঘদিনের ‘বর্ণপরিচয়’ (Barnaparichay) প্রকল্পটির অগ্রগতি ও ব্যয়ের হিসাব প্রকাশের দাবি তোলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। কলেজ স্ট্রিটের মতো ঐতিহ্যবাহী বইপাড়াকে আধুনিক পরিকাঠামো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও দুই দশক পরেও প্রকল্প পুরোপুরি শেষ হয়নি কেনো তা নিয়ে প্রশ্ন করেন তিনি।

কী এই ‘বর্ণপরিচয়’ প্রকল্প?

‘বর্ণপরিচয়’ (Barnaparichay) প্রকল্পটি ছিল পুরনো কলেজ স্ট্রিট মার্কেট পুনর্গঠনের একটি উদ্যোগ। কলকাতা পৌরসভা এবং বেসরকারি সংস্থা বেঙ্গল শেল্টার হাউজিং ডেভেলপমেন্ট লিমিটেডের যৌথ উদ্যোগে PPP মডেলে এই প্রকল্প শুরু হয়। বামফ্রন্ট আমলে, তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সময়ে প্রকল্পের কাজ শুরু হয়। পরিকল্পনা ছিল আধুনিক বইয়ের বাজার, লাইব্রেরি, ক্যাফে এবং অন্যান্য সুবিধাসহ একটি সংগঠিত বই কমপ্লেক্স গড়ে তোলা।

দীর্ঘ বিলম্ব ঘিরে প্রশ্ন

প্রকল্প শুরু হওয়ার বহু বছর পরেও নির্মাণের বড় অংশ অসম্পূর্ণ বলে অভিযোগ উঠেছে। কিছু দোকানে ব্যবসা শুরু হলেও অবকাঠামোগত সমস্যা, নিরাপত্তার অভাব এবং অসমাপ্ত নির্মাণ নিয়ে ব্যবসায়ীদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে তরুনজ্যোতি একাধিক প্রশ্ন তোলেন:

  • প্রকল্পের পূর্ণ আর্থিক হিসাব কি প্রকাশ্যে এসেছে?
  • বরাদ্দ ও পুনর্বাসন প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল?
  • প্রকৃত ব্যবসায়ীরা সময়মতো জায়গা পেয়েছেন কি?
  • সরকার পরিবর্তনের পরেও কেন কাজ শেষ হলো না?

অন্যদিকে, প্রকল্পের প্রাথমিক খরচ থাকার কথা প্রায় ১০০ থেকে ২০০ কোটি টাকা। পরে আদালতের নথিতে ডেভেলপার সংস্থার তরফে প্রায় ২৩৭ কোটি টাকা বিনিয়োগের দাবি করা হয়। ২০১৩ সালে ঋণ খেলাপি সংক্রান্ত অভিযোগের জেরে প্রকল্পের কিছু অংশ নিলামের প্রক্রিয়াতেও গিয়েছিল। এর ফলে প্রকল্পের আর্থিক স্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

পোস্ট ঘিরে চলছে রাজনৈতিক তরজা 

বাম আমলে শুরু হওয়া এই প্রকল্প পরবর্তী সরকারের আমলেও গতি পায়নি। সেই প্রকল্প বিলম্বের দায় নিয়ে এবার রাজনৈতিক মহলে চলছে চাপানউতোর। তরুণজ্যোতি তিওয়ারি তাঁর পোস্টে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ কামনা করেছেন। তবে এই বিষয়ে সরকার বা সংশ্লিষ্ট সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম সেকেন্ড-হ্যান্ড বইয়ের বাজারগুলির মধ্যে অন্যতম এই কলেজ স্ট্রিট বইপাড়া এলাকা। ফলে ‘বর্ণপরিচয়’ (Barnaparichay) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বই ব্যবসায়ী, পাঠক এবং শহর পরিকল্পনাবিদদের আগ্রহ দীর্ঘদিনের। সেই প্রকল্প প্রায় দুই দশক ধরে আটকে পরে থাকায় বর্ণপরিচয়ের কথা প্রায় ভুলতে বসেছিলেন শহরবাসী। তবে এবার নতুন বিজেপি সরকার এই প্রকল্প কতটা এগিয়ে নিয়ে যাবে সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন