Aaj lndia Desk,কলকাতা:স্বপ্নের সময় যেন থামতেই চাইছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB )শিবিরে। ২০২০ থেকে ২০২৬ সাত মরশুমে ছবার প্লে-অফে জায়গা করে নিয়ে ধারাবাহিকতার নতুন নজির গড়েছে বিরাটদের দল। তার উপর গত বছর বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফিও উঠেছে বিরাট কোহলিদের হাতে।
তবে পুরনো হিসেব এখনও বাকি। আজ প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্স-এর বিরুদ্ধে পাহাড়ঘেরা হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম-এ নামছে রজত পাতিদারদের আরসিবি। এই গুজরাটের কাছেই একসময় প্লে-অফের স্বপ্ন ভেঙেছিল বেঙ্গালুরুর। তাই আজকের ম্যাচ শুধু ফাইনালের টিকিটের লড়াই নয়, বদলার মঞ্চও বটে।ধরমশালার পাহাড়ি আবহ, গ্যালারিভরা উন্মাদনা আর দুই শক্তিশালী দলের মহারণ সব মিলিয়ে আজ আইপিএল মঞ্চে অপেক্ষা করছে এক হাইভোল্টেজ ক্রিকেট সন্ধ্যা।
লীগ পর্বে ১৮ পয়েন্টে শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) ও গুজরাট টাইটান্স (GT)। তবে ভালো রান রেটের জন্য প্রথম কোয়ালিফায়ার খেলছে আরসিবি। আজকের ম্যাচের জয়ী দল সরাসরি যাবে ফাইনালে। হারলেও সুযোগ থাকবে, খেলতে হবে কোয়ালিফায়ার ২। অতীতে ৮ সাক্ষাতে দুই দলই জিতেছে ৪টি করে ম্যাচ। ফলে আজকের মহারণ ঘিরে তুঙ্গে উত্তেজনা।
ধরমশালার সুইং সহায়ক পিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভরসা রাখবে জোশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারদের উপর। ব্যাট হাতে ফিরতে পারেন ফিল সল্ট, ওপেন করবেন বিরাট কোহলির সঙ্গে। মিডল অর্ডারে থাকছেন রজত পাতিদার, টিম ডেভিড, জিতেশ শর্মারা।অন্যদিকে গুজরাট টাইটান্স পেস আক্রমণে থাকবেন মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা ও প্রসিদ্ধ কৃষ্ণ। পাশাপাশি নজরে থাকবেন জেসন হোল্ডার, যিনি আগে ও আরসিবির বিরুদ্ধে ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন।
গুজরাট টাইটান্স-এর সবচেয়ে বড় শক্তি নিঃসন্দেহে সাই সুদর্শন ও শুবমান গিলের বিধ্বংসী ওপেনিং জুটি। চলতি আইপিএলে সবচেয়ে ধারাবাহিক জুটিগুলোর মধ্যে অন্যতম এই দু’জন। কমলা টুপির দৌড়েও এগিয়ে সুদর্শন, আর ঠিক তাঁর পিছনেই রয়েছেন গিল। ফলে শুরুটা ভালো হলে যেকোনও ম্যাচেই বিপক্ষকে চাপে ফেলে দিতে পারে গুজরাট।
অন্যদিকে স্পিন আক্রমণের কেন্দ্রে রয়েছেন রশিদ খান। তাই ব্যাট-বল দুই বিভাগেই আজ সমানে সমানে টক্কর দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
তবে ম্যাচের উত্তেজনার মাঝেই চিন্তার কারণ বৃষ্টি। আবহাওয়ার কারণে খেলা ভেস্তে গেলে লীগ পর্বে শীর্ষে থাকার সুবাদে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও সমর্থকদের আশা, মাঠে লড়াই হোক, আর যোগ্য দলই জায়গা করে নিক ফাইনালে। আর আরসিবি ভক্তদের একটাই প্রার্থনা আজকের রাতটা হোক বেঙ্গালুরুর।


