কলকাতা: তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে, সেই প্রশ্নে জল্পনা আরও বাড়ালেন বহিষ্কৃত তৃণমূল নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “এটা আজ আলোচনা করার বিষয় নয়। সময় এলে কাল কী হবে, দেখা যাবে।” তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা।
একই সঙ্গে ইন্ডিয়া জোটের বৈঠক নিয়েও মন্তব্য করেন ঋতব্রত (Ritabrata Banerjee)। তিনি বলেন, “ওঁরা দিল্লিতে আছেন। বৈঠকে গিয়েছেন, হয়তো সাংসদদের সঙ্গে দেখা করতে। কিন্তু আমি সাংসদ নই, তাই সে বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।” রবিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সংসদীয় দলের নেতা পদে কোনও ‘বিপদ’ আছে কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলতে পারবেন না, কারণ তিনি দিল্লিতে নেই। তবে তাঁর মন্তব্য, “দিল্লি আর কলকাতার দূরত্ব খুব বেশি নয়,” রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে।
একই সঙ্গে ঋতব্রত (Ritabrata Banerjee) দাবি করেন, তিনি কয়েকজন তৃণমূল সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু কারও ফোনেই পাওয়া যায়নি। তাঁর কথায়, “গতকাল ৪-৫ জন সাংসদকে ফোন করেছিলাম। কিন্তু কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি। ফোন সুইচড অফ ছিল বা আউট অফ কভারেজ বলছিল।” যদিও পরে এক ঘনিষ্ঠ ব্যক্তির মাধ্যমে দিল্লিতে কয়েকজন সাংসদের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান তিনি।


