26.7 C
Kolkata
Thursday, August 6, 2026
spot_img

“কোথায় আইনের শাসন ?”— একযোগে বিজেপি ও পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক প্রদেশ কংগ্রেস সভাপতি!

Aaj India Desk, কলকাতা : রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Shubhankar Sarkar)। বুধবার লালবাজার অভিযানকে কেন্দ্র করে আয়োজিত ‘লালবাজার সত্যাগ্রহ’ কর্মসূচিতে তিনি অভিযোগ করেন, রাজ্যে আইনের শাসন দুর্বল হচ্ছে এবং বহু ক্ষেত্রে বিজেপি কর্মীরাই আইন নিজেদের হাতে তুলে নিচ্ছেন। একইসঙ্গে তিনি দাবি করেন, একুশে জুলাইয়ের পর থেকে কংগ্রেস কর্মীদের উপর হামলা ও হুমকির ঘটনা বেড়েছে। এই অভিযোগের প্রতিবাদেই লালবাজার পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিল শুরুর আগে শুভঙ্কর সরকার (Shubhankar Sarkar) বলেন, “আমরা পুলিশকে বলব, আপনারা যদি কিছু করতে না পারেন, তাহলে গোলাপ নিন, চকোলেট নিন। ওটাই করুন। এখন তো বিজেপি কর্মীরাই আপনাদের লাঠি হাতে নিয়ে শাসন করছে। এটা চলতে থাকলে ‘ল্যান্ড অফ দ্য ল’ বলে কিছু থাকবে না। সরকার মাত্র তিন মাস এসেছে। আমরা আশা করেছিলাম আইনের শাসন থাকবে। কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি না।” তিনি আরও মন্তব্য করেন, পুলিশ যদি কার্যকর ভূমিকা পালন করতে না পারে, তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে পড়বে।

উল্লেখ্য, প্রদেশ কংগ্রেসের দাবি, একুশে জুলাইয়ের শহিদ দিবসের পর থেকেই দলের একাধিক কর্মী-সমর্থকের উপর হামলা, মারধর এবং বাড়ি ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। এই ঘটনাগুলির প্রতিবাদ জানাতেই ‘লালবাজার সত্যাগ্রহ’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। তবে শুভঙ্কর সরকার জানান, কর্মসূচির লক্ষ্য লালবাজার হলেও আন্দোলন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে। তাঁর বক্তব্য, পুলিশ যেখানে ব্যারিকেড করবে, সেখানেই আন্দোলনকারীরা অবস্থানে বসে পড়বেন। পুলিশের সঙ্গে সংঘাতে না গিয়ে সহযোগিতার মাধ্যমেই কর্মসূচি পরিচালনার কথা জানান তিনি।

প্রদেশ কংগ্রেস সভাপতি (Shubhankar Sarkar) আরও বলেন, আগের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যেমন পুলিশ শাসক দলের স্বার্থে কাজ করত বলে অভিযোগ ছিল, বর্তমান সরকারেও একই প্রবণতা দেখা যাচ্ছে বলে তাঁদের দাবি। তাঁর বক্তব্য, বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের স্বার্থে পুলিশ ও তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে। এই পরিস্থিতির সমাধান গান্ধীবাদী আন্দোলনের পথেই সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন