কলকাতা: পুজোর আগে বোনাস নয়, হাতে টার্মিনেশন লেটার! পুজো আসছে। চারদিকে উৎসবের প্রস্তুতি। কেউ বোনাসের অপেক্ষায়, কেউ নতুন জামাকাপড়ের পরিকল্পনায়। আর ঠিক সেই সময়েই হাতে টার্মিনেশন লেটার! বছরের পর বছর স্কুলে পড়ানোর পর পুজোর মুখে চাকরি হারানোর আশঙ্কায় রাস্তায় নামলেন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা (Contractual Computer Teachers Protest)!
সোমবার করুণাময়ীতে জমায়েত হয়ে বিকাশ ভবনের উদ্দেশে মিছিল শুরু করেন তাঁরা। কিন্তু বিকাশ ভবনের কাছে পৌঁছতেই পুলিশ তাঁদের আটকে দেয়। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। কেউ রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানান, কেউ আবার বিকাশ ভবনের সামনেই অবস্থান শুরু করেন ( Contractual Computer Teachers Protest)।
তাঁদের একটাই দাবি, সরকারি আধিকারিকদের এসে তাঁদের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু এই আন্দোলনের পিছনে রয়েছে আরও বড় আশঙ্কা। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, তাঁরা ICT ঐক্য মঞ্চের ৬ এবং ৭ ফেজের শিক্ষক-শিক্ষিকা। এই দুই ফেজ মিলিয়ে রয়েছেন প্রায় ৩,৭১৯ জন। এজেন্সির মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছিল তাঁদের। সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর।
অভিযোগ, যে সংস্থা তাঁদের নিয়োগ করেছিল, তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, চুক্তি আর নবীকরণ করা হবে না। অর্থাৎ, নতুন টেন্ডার হলে তাঁদের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। ইতিমধ্যেই অনেকের হাতে পৌঁছে গিয়েছে টার্মিনেশন লেটার (Contractual Computer Teachers Protest)।
এক বিক্ষোভকারীর কথায়, নতুন টেন্ডারের পর তাঁদের কারও চাকরি থাকবে না। আর সেই আশঙ্কাই এখন ঘুম কেড়েছে হাজার হাজার শিক্ষকের। সবচেয়ে যন্ত্রণার জায়গাটা যেন পুজোর সময়টাই। শিক্ষকরা বলছেন, “পুজোর সময় সবাই বোনাস পায়, আর আমরা পাচ্ছি টার্মিনেশন লেটার!”
বছরের পর বছর স্কুলে কাজ করার পরও কেন তাঁদের ভবিষ্যৎ এত অনিশ্চিত! এই প্রশ্নই এখন সামনে আনছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এজেন্সি প্রথা বন্ধ করে সরাসরি সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ দিতে হবে। তাঁদের বক্তব্য, ICT-র ১ থেকে ৫ ফেজের শিক্ষকরা আন্দোলনের মাধ্যমে সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে বিভিন্ন সুবিধা পেয়েছেন। কিন্তু ৬ এবং ৭ ফেজের শিক্ষকরা দীর্ঘ পাঁচ বছর কাজ করার পরও এখনও বিভিন্ন এজেন্সির অধীনে রয়েছেন।
তাই তাঁদের লড়াই শুধু চাকরি বাঁচানোর নয়, সরকারি স্বীকৃতি এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তার দাবিতেও। পুজোর মুখে যখন উৎসবের আলো জ্বলছে, তখন তাঁদের চোখে অনিশ্চয়তা। হাতে পড়ার কথা ছিল বোনাসের খাম, সেখানে এসেছে চাকরি শেষ হওয়ার চিঠি। এখন সরকারের দিকে তাকিয়ে অপেক্ষা করছেন ৬ এবং ৭ ফেজের হাজার হাজার চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা (Contractual Computer Teachers Protest)।


