Aaj India Desk, বীরভূম: ছটপুজো (Chhath Puja) উপলক্ষে দু’দিন মাংসের দোকান (Meat Shop) বন্ধ রাখার নির্দেশ দিল রামপুরহাট পৌরসভা (Rampurhat Municipal)। এই সিদ্ধান্ত ঘিরেই শহরজুড়ে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল পরিচালিত পৌরসভার এই নির্দেশ নিয়ে সরব হয়েছে বিরোধীরা।
পৌরসভা সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার ও সোমবার ছটপুজো উপলক্ষে রামপুরহাট শহরের কোর্টের গলিতে রাস্তার ধারে থাকা তিনটি মাংসের দোকান বন্ধ রাখতে হবে। ইতিমধ্যেই দোকানগুলির মালিকদের হাতে এই নির্দেশ জানিয়ে নোটিশ দেওয়া হয়েছে। ফলে ওই দু’দিন কোনওভাবেই দোকান খোলা রাখা যাবে না। কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকতের বক্তব্য, কোর্টের গলির ওই তিনটি দোকানে রাস্তার পাশেই প্রকাশ্যে মাংস কাটা হয়। ছটপুজোর সময় বহু মানুষ উপবাস করে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তার উপর রক্তমাখা জল পড়ে থাকতে দেখলে তাঁদের মনে আঘাত লাগতে পারে। সেই কথা মাথায় রেখেই উৎসবের দু’দিন দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
তবে পৌরসভার এই নির্দেশে খুশি নন মাংস বিক্রেতারা। তাঁদের দাবি, ছুটির দিনেই দোকানে বেশি বিক্রি হয়। ফলে দু’দিন দোকান বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। এক বিক্রেতার কথায়, ছুটির দিনে দোকান বন্ধ রাখার নির্দেশে তাঁদের লোকসান আরও বাড়বে।অন্যদিকে, এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপিকে খুশি করতেই এমন নির্দেশ দিয়েছে পৌরসভা। প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদের দাবি, ছটপুজোর নিয়মকানুন সম্পর্কে যাঁরা পুজো করেন, তাঁরা ভালোভাবেই জানেন। তাঁর মতে, চেয়ারম্যান নিজের পদ বাঁচাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, মাংস খাওয়া বা না খাওয়া নিয়ে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। শুধু পুজো উপলক্ষে দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। এতে কারও আপত্তি থাকলে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, ছটপুজোকে কেন্দ্র করে রামপুরহাট পৌরসভার মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ ঘিরে এখন সরগরম শহরের রাজনীতি। একদিকে ধর্মীয় ভাবাবেগের যুক্তি, অন্যদিকে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির আশঙ্কা—এই দুইয়ের মাঝেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


