Aaj India Desk, কলকাতা: রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নের (Nabanna) চেহারায় আসতে চলেছে বড় পরিবর্তন। এতদিন নীল-সাদা রঙে সাজানো ছিল এই সরকারি ভবন। এবার সেই পরিচিত রং বদলে নতুন সাজে তৈরি হতে চলেছে নবান্ন। তবে পুরোপুরি গেরুয়া নয়, হলুদ ও সাদা রঙের মিশ্রণেই রাঙানো হবে গোটা ভবন। নতুন এই রঙের ধরন অনেকটাই গেরুয়ার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে।
প্রশাসনিক সূত্রের খবর, নবান্নের রং পরিবর্তন নিয়ে বিভিন্ন স্তরে আলোচনা হয়েছে। সেই আলোচনার পরই নতুন রঙের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে খুব শীঘ্রই শুরু হতে পারে রং করার কাজ।
রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন সরকারি ভবন ও পরিকাঠামোর রঙে পরিবর্তন চোখে পড়ছে। একসময় যে সমস্ত জায়গায় নীল-সাদা রং দেখা যেত, সেখানে এখন হলুদ-সাদা কিংবা গেরুয়া রঙের ব্যবহার হচ্ছে। রাস্তার পাশের সরকারি স্থাপনা থেকে শুরু করে উড়ালপুল, বিভিন্ন ভবনেও এই পরিবর্তন দেখা গিয়েছে। নবান্নের পাশের সভাঘরেও ইতিমধ্যে রঙের পরিবর্তন হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন।
কী রঙে সাজবে নবান্ন?
প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, নবান্নে শুধু হলুদ রং ব্যবহার করা হবে না। সাদা বা ঘিয়ে রঙের সঙ্গে হালকা এবং গাঢ় হলুদের সংমিশ্রণ থাকবে। ফলে ভবনের নতুন রূপ অনেকটাই গেরুয়া ঘেঁষা হতে পারে। এর আগে নবান্নের নামফলকেও গেরুয়া রঙের ছোঁয়া দেখা গিয়েছিল। এবার সম্পূর্ণ ভবনের রং বদলের উদ্যোগ নেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, নবান্নের সংস্কারের জন্য আগেই দরপত্র আহ্বান করা হয়েছিল। সেই প্রক্রিয়াও শেষ হয়েছে। শুধু নবান্ন নয়, পাশের উপান্ন ভবনেও সংস্কারের কাজ করা হবে। দুটি ভবনের ভিতরের পাশাপাশি বাইরের অংশেরও মেরামতি করা হবে। গোটা কাজের জন্য কয়েক কোটি টাকা খরচ হতে পারে বলে প্রশাসনিক সূত্রে খবর।
মহাকরণে কি ফিরছে রাজ্য সরকারের দফতর?
নবান্নের রং পরিবর্তনের খবর সামনে আসতেই রাজ্য সরকারের প্রধান দফতর ফের মহাকরণে সরানো হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে আপাতত সেই সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে। ঐতিহাসিক গুরুত্ব থাকা মহাকরণ ভবনটির সংস্কারের পরিকল্পনা রয়েছে। কিন্তু সেখানে মন্ত্রিসভার বৈঠক কিংবা বড় সরকারি অনুষ্ঠান আয়োজনের মতো পর্যাপ্ত পরিকাঠামো এখনও তৈরি নেই। সেই কারণেই এখনই নবান্ন থেকে মহাকরণে ফিরছে না রাজ্য সরকার। আপাতত নবান্নই থাকছে রাজ্যের প্রশাসনিক কাজকর্মের প্রধান কেন্দ্র।


