Aaj lndia Desk,কলকাতা: ওড়িশায় আউটডোর শুটিং চলাকালীন টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Banerjee)-র আকস্মিক মৃত্যুর ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করল প্রধানমন্ত্রীর দফতর (PMO)। অভিনেতার মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি শুটিং সেটের চরম গাফিলতির ফল, তা খতিয়ে দেখতে ওড়িশা সরকারকে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ওড়িশার বালেশ্বরে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযোগ, শুটিং সেটে শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। পর্যাপ্ত সুরক্ষা ছাড়াই বিপজ্জনক পরিবেশে কাজ করানো হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়ে চলচ্চিত্র মহল। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হয় সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠন (All Indian Cine Workers Association)। সংগঠনের সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা (Suresh Shyamlal Gupta)প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগ জমা দেন।
এরপর বিষয়টি গুরুত্ব বিবেচনা করে প্রধানমন্ত্রীর দফতর ওড়িশা প্রশাসনের কাছে তদন্তের নির্দেশ পাঠায়। বালেশ্বর জেলার পুলিশ প্রশাসনকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, গোটা ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
অভিযোগের তির গিয়েছে জনপ্রিয় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স এবং শুটিংয়ের দায়িত্বে থাকা কয়েকজন কর্মকর্তার দিকেও। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
রাহুলের মৃত্যুর পর আবারও বিনোদন জগতে শিল্পী ও টেকনিশিয়ানদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তের রিপোর্ট সামনে এলে এই ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।


