Aaj India Desk, নয়া দিল্লি : দীপাবলির উপহার হিসেবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০০০ টাকা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার! WhatsApp-এ এমন কোনও মেসেজ পেয়েছেন? তাহলে সাবধান। প্রধানমন্ত্রীর নাম করে ছড়িয়ে পড়া এই বার্তা সম্পূর্ণ ভুয়ো। ৮০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত ও ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সাইবার প্রতারকরা। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) স্পষ্ট জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে এমন কোনও দীপাবলি বোনাস বা আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়নি। (Cyber Fraud)
সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, এই তথ্য সংগ্রহের মাধ্যমে প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করতে পারে। কোথাও কোথাও প্রসেসিং ফি দেওয়ার নামেও টাকা চাওয়া হতে পারে। UPI-এর মাধ্যমে আর্থিক প্রতারণা কিংবা সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করিয়ে মোবাইলের তথ্য চুরির আশঙ্কাও রয়েছে। অর্থাৎ, দীপাবলির উপহারের প্রলোভনে পা দিলেই উল্টে নিজের সঞ্চিত অর্থ খোয়ানোর ঝুঁকি রয়েছে। (Cyber Fraud)
কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের টাকা?
এই ধরনের প্রতারণা (Cyber Fraud) থেকে বাঁচতে কয়েকটি বিষয়ে সতর্ক থাকা জরুরি।
- অপরিচিত বা সন্দেহজনক কোনও লিঙ্কে ক্লিক করবেন না।
- কাউকে নিজের OTP, UPI PIN বা ব্যাঙ্কের গোপন তথ্য জানাবেন না।
- টাকা পাওয়ার জন্য কোনও প্রসেসিং ফি দেবেন না।
- যাচাই না করে এই ধরনের মেসেজ অন্য কাউকে ফরওয়ার্ড করবেন না।
- সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য শুধুমাত্র সংশ্লিষ্ট সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করুন।
কোথায় জানাবেন অভিযোগ?
এই ধরনের ভুয়ো বার্তা সম্পর্কে PIB Fact Check-এর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। PIB Fact Check:
- ফোন: +91 8799711259
- ইমেল: factcheck@pib.gov.in
সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত ১৯৩০ নম্বরে ফোন করে অভিযোগ জানান। পাশাপাশি, সরকারি সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টাল cybercrime.gov.in-এও অভিযোগ দায়ের করা যায়।
দীপাবলির আনন্দে প্রতারণার ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, সরকারি ঘোষণা ছাড়া WhatsApp-এ আসা কোনও আর্থিক উপহারের বার্তাকে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে।


