Aaj India Desk, কলকাতা : দিল্লির রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা নিয়ে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিজের ওয়ার্ডে নির্বাচনে জিতে দেখানোর পরামর্শ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন তিনি। শুভেন্দুর বক্তব্য, কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে নতুন প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়ে জয়ী হওয়ার পরেই দিল্লিতে গিয়ে রাজনৈতিক বক্তব্য রাখা উচিত মমতার।
৭৩ নম্বর ওয়ার্ড নিয়েই কটাক্ষ
সম্প্রতি দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের সভায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে সরব হওয়ার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। এর পরেই মমতার দিল্লি সফরকে নিশানা করে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘নামও নেই, নিশানও নেই। ক্ষমতা থাকলে নিজের ওয়ার্ডে ভোটে দাঁড়ান।’ তাঁর আরও পরামর্শ, নতুন প্রতীক নিয়ে নিজের ওয়ার্ডে নির্বাচনে লড়াই করে জিতে তারপর দিল্লি যাক মমতা।
মমতার নিজের ওয়ার্ড বলতে কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডকে বোঝানো হয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে বিজেপির সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেই তৃণমূল নেত্রীকে আক্রমণ করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, ৭৩ নম্বর ওয়ার্ডে চার হাজার ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। সেই প্রসঙ্গ টেনে শুভেন্দুর বক্তব্য, নিজের ওয়ার্ডে জিতে তারপর রাজনৈতিক ভাষণ দেওয়া উচিত মমতার।
উল্লেখ্য, এর আগে শনিবার গড়বেতার সভা থেকেও মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ‘আপনি দিল্লিতেই যান। পশ্চিমবঙ্গে আপনার কিছু হবে না।’
পাল্টা আক্রমণে শোভনদেব
শুভেন্দুর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূলের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, ভবানীপুরে শুভেন্দু অধিকারী কীভাবে জিতেছেন, তা সকলেই জানেন। এমন মন্তব্য শুভেন্দুর মুখে মানায় না বলেও কটাক্ষ করেন তিনি।
সব মিলিয়ে আসন্ন কলকাতা পুরভোটের আগে মমতার রাজনৈতিক অবস্থান, নতুন নির্বাচনী প্রতীক এবং দিল্লিতে বিরোধী জোটের সক্রিয়তা ঘিরে রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের সংঘাত আরও তীব্র হচ্ছে।


