Aaj India Desk, কলকাতা: রাজ্যে খুব শীঘ্রই চালু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Scheme)। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেছেন, আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া হবে আয়ুষ্মান ভারত কার্ড। এই কার্ড থাকলে সাধারণ মানুষ বছরে বড় অঙ্কের বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার (PM-JAY) আওতায় একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা করাতে পারবে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিকদের জন্যও আলাদা করে ৫ লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবার সুবিধা রাখা হয়েছে।
এই প্রকল্পে প্রায় ১,৯২৯ ধরনের চিকিৎসা ও অস্ত্রোপচার অন্তর্ভুক্ত রয়েছে। ক্যানসারের কেমোথেরাপি থেকে শুরু করে হার্টের বাইপাস সার্জারি, কিডনি ডায়ালাইসিস কিংবা মস্তিষ্কের জটিল অপারেশন- সবই এই প্রকল্পের আওতায় করা যাবে।
আয়ুষ্মান ভারত কার্ড থাকলে রোগীরা বিনামূল্যে ডাক্তার দেখানো, বিভিন্ন মেডিক্যাল পরীক্ষা এবং চিকিৎসার সুযোগ পাবেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন পর্যন্ত এবং হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ১৫ দিন পর্যন্ত চিকিৎসা ও সেবার খরচও এই প্রকল্পে কভার করা হবে। এছাড়াও হাসপাতালে ভর্তি থাকার সময় ওষুধ, ICU পরিষেবা, ডায়গনস্টিক টেস্ট, ল্যাবরেটরি পরীক্ষা, মেডিক্যাল ইমপ্ল্যান্ট, হাসপাতালের বেড ভাড়া এবং খাবারের খরচও বহন করা হবে এই স্কিমের মাধ্যমে।
কী কী চিকিৎসা করানো যাবে?
- হৃদরোগের ক্ষেত্রে ওপেন হার্ট সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি ও পেসমেকার বসানোর মতো চিকিৎসা করানো যাবে।
- ক্যানসারের রোগীরা কেমোথেরাপি, রেডিয়েশন এবং অস্ত্রোপচারের সুবিধা পাবেন।
- মস্তিষ্ক ও স্নায়ুর জটিল রোগের জন্য নিউরোসার্জারি, স্পাইন সার্জারির মতো চিকিৎসাও এই প্রকল্পে অন্তর্ভুক্ত।
- কিডনির রোগীদের জন্য ডায়ালাইসিস এবং কিডনি প্রতিস্থাপনের সুবিধাও থাকবে।
- গ্যাস্ট্রোএন্ট্রোলজি: জটিল পেটের অস্ত্রোপচার এবং লিভারের চিকিৎসা করানো যাবে।
এছাড়া হাড়ের বড় অপারেশন, চোখের ছানি অপারেশন, কানের সার্জারি, আগুনে পুড়ে যাওয়া রোগীর চিকিৎসা এবং প্রসূতি সংক্রান্ত জটিল অস্ত্রোপচারওকরা যাবে আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে।


