Aaj India Desk, পূর্ব মেদিনীপুর: রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হওয়ার পর প্রথমবার নিজের বাড়ি কাঁথির শান্তিকুঞ্জে ফিরলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত কয়েক মাস ধরে রাজ্যজুড়ে প্রচার ও কর্মসূচিতে ছুটে বেড়াতে হয়েছে তাঁকে। ফলে পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ খুব একটা হয়নি। তাই শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাতে বাড়িতে পৌঁছন তিনি। আর রবিবার সকাল থেকেই শান্তিকুঞ্জের সামনে দেখা যায় মানুষের ভিড়।
শনিবার সকালে ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শপথের পর একাধিক সরকারি ও রাজনৈতিক কর্মসূচি সেরে রাতে কাঁথির বাড়িতে ফেরেন তিনি। মুখ্যমন্ত্রী বাড়িতে ফিরতেই রবিবার সকাল থেকে আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীর ভিড় জমতে শুরু করে শান্তিকুঞ্জের সামনে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনীও।
শুভেন্দুর বাবা শিশির অধিকারী, ভাই দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী বারবার বাইরে এসে শুভেচ্ছা জানাতে আসা মানুষদের সঙ্গে দেখা করেন। অনেকে ফুল, মিষ্টি ও নানা উপহার নিয়ে আসেন। ছোট ছোট শিশুরাও মুখ্যমন্ত্রীর জন্য উপহার নিয়ে আসে। সেই সব উপহার গ্রহণ করেন পরিবারের সদস্যরাই। ধীরে ধীরে পদ্মফুল ও শুভেচ্ছার উপহারে ভরে ওঠে শান্তিকুঞ্জ।
তবে এদিন সকাল থেকে শুভানুধ্যায়ীদের সঙ্গে দেখা করেননি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘদিনের টানা পরিশ্রম ও শারীরিক ধকলের কারণে তিনি বাড়িতেই বিশ্রাম নেন। সকালে ঘুম থেকে উঠে মা গায়ত্রী দেবী, বাবা শিশির অধিকারী এবং মাসি মুক্তি ভট্টাচার্যকে প্রণাম করেন বাড়ির মেজো ছেলে শুভেন্দু। যদিও বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে এদিন আলাদা করে কোনও অনুষ্ঠান হয়নি অধিকারী পরিবারে।
মুখ্যমন্ত্রীর জন্য এদিন বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করেছিলেন মা ও মাসি। জানা গিয়েছে, দুপুরের খাবারে ছিল মোচার তরকারি, সর্ষে ইলিশ, পোনা কালিয়া, করলা সেদ্ধ এবং মুরগির মাংস। খাবারের শেষে পরিবেশন করা হয় টক দই। দিনভর বাড়িতে সময় কাটানোর পর বিকেলে শান্তিকুঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


