Aaj lndia Desk , রায়পুর : সামান্য রোজগারে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। দ্রুত বড়লোক হওয়ার স্বপ্নে ক্রমশ বেপরোয়া হয়ে উঠেছিলেন ২৭ বছরের এক যুবক। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দেখে তাঁর মাথায় আসে মানুষের শরীরের অঙ্গ বিক্রি করে বিপুল টাকা উপার্জনের পরিকল্পনা। আর সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে সাহায্য নেন AI অ্যাপের। অভিযোগ, প্রায় ৪৫ দিন ধরে AI-এর সঙ্গে কথোপকথন চালানোর পর নিজেরই চার বছরের ভাইপোকে খুন করে তার শরীর থেকে কিডনি, ফুসফুস ও চোখ বের করে নেন তিনি। ছত্তিসগড়ের (Chhattisgarh) জশপুরের (Jashpur) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো থেকেই অঙ্গ বিক্রির পরিকল্পনা
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম বাসুদেব কোরওয়া (Basudev Koroa), ওরফে টাঙ্গনু। তিনি সম্পর্কে মৃত শিশুটির বাবার মামাতো ভাই। জশপুরের সান্না এলাকায় দিনমজুরের কাজ করতেন শিশুটির বাবা রামজিৎ রাম (Ramjit Ram)। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে একটি অস্থায়ী কুঁড়েঘরে থাকতেন তিনি। কাজের সূত্রে ওই এলাকায় যাতায়াত ছিল বাসুদেবেরও।
তদন্তকারীদের দাবি, দিনমজুরের সামান্য উপার্জনে সন্তুষ্ট ছিলেন না বাসুদেব। প্রায় এক মাস আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো দেখেন তিনি। সেখানে মানুষের শরীরের অঙ্গ বিক্রি করে ২০ লক্ষ টাকা পাওয়ার কথা বলা হয়েছিল। এরপরই অঙ্গ সংগ্রহ এবং তা বিক্রির উপায় খুঁজতে শুরু করেন তিনি।
৪৫ দিন AI-এর সঙ্গে কথোপকথন!
পুলিশের দাবি, অঙ্গ কীভাবে সংগ্রহ করতে হয়, কোথায় বিক্রি করা যায় এবং কীভাবে ক্রেতার সন্ধান পাওয়া সম্ভব, সেই বিষয়ে জানতে একটি AI অ্যাপের সাহায্য নেন অভিযুক্ত। প্রায় ৪৫ দিন ধরে ভয়েস মেসেজের মাধ্যমে ওই অ্যাপের সঙ্গে কথোপকথন চালান তিনি। এমনকী, দিল্লি (Delhi) থেকে এক ক্রেতা অঙ্গ কিনতে আসবেন বলেও তাঁর ধারণা তৈরি হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে।
মুরগির মাংস খাওয়ানোর টোপ দিয়ে খুনের অভিযোগ
অভিযোগ, গত ৫ নভেম্বর রাতে মুরগির মাংস খাওয়ানোর লোভ দেখিয়ে চার বছরের শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান বাসুদেব। প্রথমে তাকে মদ্যপান করানো হয়। এরপর শিশুটি অচেতন হয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয় বলে অভিযোগ। পরে তার শরীর থেকে কিডনি, ফুসফুস ও চোখ বের করে নেওয়া হয়। শিশুটির দেহ কম্বলে মুড়ে একটি গর্তে লুকিয়ে রাখা হয়। অন্যদিকে, বের করা অঙ্গগুলি প্লাস্টিকে মুড়ে একটি বালতিতে রেখে অন্য জায়গায় পুঁতে দেওয়া হয় বলে পুলিশের দাবি।
কীভাবে সামনে এল গোটা ঘটনা?
পরের দিন সকালে ছেলেকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার দূরে একটি গর্তের মধ্যে শিশুটির দেহ উদ্ধার হয়। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার আগে শিশুটিকে বাসুদেবের সঙ্গে দেখা গিয়েছিল। স্থানীয় এক বাসিন্দার বয়ানের ভিত্তিতে সন্দেহের তালিকায় উঠে আসে তাঁর নাম।
পুলিশের দাবি, জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেন অভিযুক্ত। তাঁর দেখানো জায়গা থেকে শিশুটির শরীর থেকে বের করা অঙ্গ, খুনে ব্যবহৃত অস্ত্র এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। দেহ ও অঙ্গগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অঙ্গ বিক্রির জন্য সত্যিই কোনও ক্রেতার সঙ্গে যোগাযোগ হয়েছিল কি না, দিল্লি থেকে কাউকে আসার কথা ছিল কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।


