26.8 C
Kolkata
Tuesday, November 10, 2026
spot_img

গ্রেফতারির পর ৪৮ ঘণ্টা জেলে কাটলেই চাকরিতে সাসপেনশন! কী বলল সুপ্রিম কোর্ট?

Aaj lndia Desk,নয়াদিল্লি: সরকারি চাকরিতে সাসপেনশনের নিয়ম কার্যকর করতে আলাদা করে প্রশাসনিক নির্দেশের প্রয়োজন নেই। কোনও সরকারি কর্মী গ্রেফতার হওয়ার পর টানা ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁর সাসপেনশন কার্যকর বলে বিবেচিত হবে। বিহারের এক সরকারি হাসপাতালের আধিকারিকের জামিন মামলার শুনানিতে এমনই বিষয় তুলে ধরেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুধু তাই নয়, সাসপেনশন তুলে নেওয়ার পর অভিযুক্ত আধিকারিককে ফের পুরনো পদে বসানো নিয়েও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত।

বকেয়া বেতন মেটানোর নামে ঘুষ চাওয়ার অভিযোগ

বিহারের সমষ্টিপুর সদর হাসপাতালের প্রশাসনিক বিভাগে কাজ করতেন বিশ্বজিৎ সিং (Vishwajit Singh)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের এক চুক্তিভিত্তিক কর্মীর ৩৬ হাজার ৪২১ টাকা বকেয়া বেতন পাওয়ার ব্যবস্থা করে দেওয়ার পরিবর্তে ৪ হাজার টাকা দাবি করেছিলেন তিনি। এই অভিযোগ সামনে আসার পর ২০২৫ সালে দুর্নীতি দমন আইনে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তদন্তের সূত্রে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এরপর প্রায় ১৫ দিন জেল হেফাজতে কাটাতে হয় ওই আধিকারিককে। পরে দায়রা আদালত থেকে জামিন পান তিনি।

জামিন নিয়ে আইনি লড়াই গড়ায় শীর্ষ আদালতে

অভিযুক্তের জামিন মেনে নিতে পারেননি অভিযোগকারী। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে পাটনা হাইকোর্টের (Patna High Court) দ্বারস্থ হন তিনি। ২০২৬ সালের ১ জুলাই হাইকোর্ট জামিন বাতিল করে বিশ্বজিৎকে ফের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। এই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করেন বিশ্বজিৎ।

বিচারপতি জে বি পারদিওয়ালা (Justice J B Pardiwala) এবং বিচারপতি মনমোহনের (Justice Manmohan) বেঞ্চ হাইকোর্টের সিদ্ধান্ত খারিজ করে জামিন বহাল রাখে। আদালতের মতে, ঘুষের পরিমাণকে একমাত্র মাপকাঠি করে জামিনের বিষয়টি বিচার করা যায় না।

সাসপেনশনের ক্ষেত্রে কী নিয়ম প্রযোজ্য?

শুনানির সময় সরকারি কর্মীদের সাসপেনশন সংক্রান্ত নিয়মও সামনে আসে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, গ্রেফতারের পর কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম মেনেই তাঁকে সাসপেন্ড বলে গণ্য করতে হবে। তার জন্য নতুন করে আলাদা কোনও বরখাস্তের নির্দেশ জারি করার প্রয়োজন নেই।

একই পদে ফেরানো নিয়ে প্রশ্ন

এই মামলায় আরও একটি বিষয় আদালতের নজর কেড়েছে। বিশ্বজিৎকে প্রথমে সাসপেন্ড করা হলেও পরবর্তী সময়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। এরপর তাঁকে আবার সমষ্টিপুর সদর হাসপাতালেই আগের প্রশাসনিক পদে ফিরিয়ে দেওয়া হয়েছিল। কেন এমন পদক্ষেপ করা হল, তা নিয়ে বিহার সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছে শীর্ষ আদালত। পাশাপাশি, গোটা বিষয়টি পর্যালোচনা করে আইন মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন