Aaj lndia Desk, নয়াদিল্লি: একাধিক মোবাইল নম্বর ব্যবহার করেন? তাহলে নতুন SIM নেওয়ার আগে নিজের নামে মোট কতগুলি সংযোগ রয়েছে, তা জেনে নেওয়া জরুরি। কারণ আগামী ২৪ অগস্ট থেকে নতুন মোবাইল সংযোগ দেওয়ার ক্ষেত্রে গ্রাহকের নামে থাকা মোট SIM-এর সংখ্যা আরও কড়াভাবে যাচাই করবে টেলিকম সংস্থাগুলি। একটি নির্দিষ্ট সীমা পার করে গেলে নতুন সংযোগ আর দেওয়া হবে না।
এক ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি SIM
টেলিকম দফতরের (DoT) নিয়ম অনুযায়ী, সাধারণ ক্ষেত্রে একজন ব্যক্তি নিজের নামে সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগ রাখতে পারেন। তবে জম্মু ও কাশ্মীর, অসম এবং উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে সর্বোচ্চ সীমা ৬টি।
এই সীমা অবশ্য নতুন করে তৈরি হয়নি। দীর্ঘদিন ধরেই এই নিয়ম কার্যকর রয়েছে। এবার মূলত সেই নিয়মকে আরও কড়াভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্য কোম্পানির SIM-ও হবে হিসাবের মধ্যে
ধরুন, আপনার নামে একটি সংস্থার ৪টি এবং অন্য একটি সংস্থার ৫টি SIM রয়েছে। নতুন করে আর একটি SIM নিতে গেলে শুধু নতুন সংস্থার তথ্য দেখা হবে না। আপনার নামে বিভিন্ন টেলিকম সংস্থা এবং ভিন্ন টেলিকম সার্ভিস এরিয়ায় থাকা সমস্ত মোবাইল সংযোগ মিলিয়েই হিসাব করা হবে।নতুন SIM-এর আবেদন করার সময় গ্রাহককে নিজের নামে আগে থেকে থাকা নম্বরগুলির তথ্যও দিতে হতে পারে।
কীভাবে হবে যাচাই?
এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার করা হবে সরকারের Digital Intelligence Platform বা DIP। বিভিন্ন টেলিকম সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই প্ল্যাটফর্ম গ্রাহকের নামে থাকা মোট মোবাইল সংযোগ শনাক্ত করতে সাহায্য করবে।
২৩ অগস্ট থেকে DIP-এ নির্ধারিত সীমায় পৌঁছে যাওয়া গ্রাহকদের একটি প্রতিনিধিত্বমূলক ছবি দেখানোর ব্যবস্থাও থাকবে। ফলে নতুন SIM দেওয়ার আগে সংশ্লিষ্ট গ্রাহক সীমা অতিক্রম করেছেন কি না, তা যাচাই করা সম্ভব হবে।
ভুল করে বেশি SIM চালু হলে?
কোনও কারণে নির্ধারিত সীমার বেশি সংযোগ চালু হয়ে গেলে সেটি সাময়িকভাবে সাসপেন্ড করার ব্যবস্থাও রাখা হয়েছে। এমন সংযোগ এক দিনের জন্য বন্ধ করা যেতে পারে।
নতুন ব্যবস্থার সঙ্গে প্রযুক্তিগত পরিকাঠামো ও অভ্যন্তরীণ প্রক্রিয়া মানিয়ে নিতে টেলিকম সংস্থাগুলিকে সময় দেওয়া হয়েছে। DoT-এর নির্দেশ অনুযায়ী, ৩০ নভেম্বরের মধ্যে DIP-এর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সম্পূর্ণ করতে হবে।
তাই একাধিক SIM ব্যবহার করলে এখনই নিজের নামে থাকা সক্রিয় নম্বরগুলির হিসাব করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বিশেষ করে বিভিন্ন অপারেটরের SIM থাকলে মোট সংখ্যাটিই গুরুত্বপূর্ণ।


