30.6 C
Kolkata
Saturday, June 27, 2026
spot_img

বই-খাতা ছেড়ে ইট-বালি—তারাতলার ধ্বংসস্তূপে চাপা পড়ল তিনটি শৈশব!

কলকাতা: যে হাতে থাকার কথা ছিল বই-খাতা, সেই হাতে ছেনি-হাতুড়ি! যে পিঠে থাকার কথা ছিল স্কুলব্যাগ, সেই পিঠ বয়েছে ইট-বাকি-পাথর। জীবনসংগ্রাম সেই খুদেদের টেনে নিয়ে গেছিল মৃত্যুপুরীতে। তারাতলার নির্মীয়মাণ গোডাউন ভেঙে (Taratala Tragedy) পড়ার পর ধ্বংসস্তূপে শেষ হয়ে গেল তিনটি কিশোর, তিনটি স্বপ্ন! লালবাজার জানিয়েছে, তারাতলার ধ্বংসস্তূপ (Taratala Tragedy) থেকে উদ্ধার হয়েছে তিনটি নাবালকের দেহ।

ধ্বংসস্তূপ (Taratala Tragedy) থেকে এক শ্রমিকের দেহ উদ্ধারের পর তাঁর পরিচয় নিশ্চিত করতে গিয়ে তদন্তকারীদের হাতে আসে কৃষ্ণনগরের বাসিন্দা রাহুল চৌধুরীর আধার কার্ড। তখনই জানা যায়, তাঁর বয়স এখনও ১৮ বছর হয়নি। পরে তদন্তে আরও জানা যায়, মৃত সাহিল সর্দার এবং ঘি কুমারের বয়সও মাত্র ১৭ বছর। অর্থাৎ, যে নির্মাণকাজ আইন অনুযায়ী নাবালকদের দিয়ে করানো সম্পূর্ণ নিষিদ্ধ, সেই বিপজ্জনক কাজেই তাঁদের নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এই তথ্য প্রকাশ্যে আসতেই তদন্তের (Taratala Tragedy) মোড় ঘুরেছে। বিশেষ তদন্তকারী দল (সিট) এখন খতিয়ে দেখছে, কার নির্দেশে এই তিন কিশোরকে কাজে নেওয়া হয়েছিল এবং এই বেআইনি নিয়োগের পিছনে কারা জড়িত। কারণ, শিশু শ্রম (নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সিদের এ ধরনের ঝুঁকিপূর্ণ নির্মাণকাজে নিযুক্ত করা দণ্ডনীয় অপরাধ।

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তিনি বলেন, “১৮ বছরের কম বয়সিদের দিয়ে কাজ করানো সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় আইন অনুযায়ী মামলা হবে।” তবে একইসঙ্গে তিনি স্বীকার করেন, শুধুমাত্র আইন প্রয়োগ করলেই সমস্যার সমাধান হবে না। তাঁর কথায়, “সমাজের চরম দারিদ্র্যই বহু পরিবারকে বাধ্য করছে অল্পবয়সিদের কাজে পাঠাতে। তাই দরিদ্র পরিবারগুলিকে সরকারি প্রকল্পের আওতায় এনে আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।”

এদিকে আরও একটি উদ্বেগজনক তথ্য সামনে এসেছে। নিহত শ্রমিকদের মধ্যে মাত্র একজন শ্রমদফতরে নথিভুক্ত ছিলেন। ফলে সরকারি ক্ষতিপূরণ ও শ্রমিক কল্যাণ প্রকল্পের সুবিধা পৌঁছে দিতেও জটিলতা তৈরি হয়েছে। এই ঘটনাই আবারও প্রশ্ন তুলেছে, অসংগঠিত ক্ষেত্রের হাজার হাজার শ্রমিকের নিরাপত্তা, নথিভুক্তিকরণ এবং শিশু শ্রম রোধে বিদ্যমান ব্যবস্থাগুলি আদৌ কতটা কার্যকর?

তারাতলার ধ্বংসস্তূপ (Taratala Tragedy) থেকে শুধু কয়েকটি নিথর দেহই উদ্ধার হয়নি, বেরিয়ে এসেছে দারিদ্র্য, শিশুশ্রম এবং প্রশাসনিক গাফিলতির এক নির্মম বাস্তব ছবিও।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন