Aaj India Desk, কলকাতা : ভোটার কার্ড রয়েছে, প্যান কার্ডও আছে। তা সত্ত্বেও কি আপনি ভারতীয় নাগরিকত্বের (Indian Citizenship) প্রমাণ দিতে পারবেন না? শুধু ভোটার আইডি বা প্যান কার্ড থাকলেই ভারতীয় নাগরিক হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করা যায় না। নাগরিকত্ব সংক্রান্ত এক মামলায় এমনই গুরুত্বপূর্ণ রায় দিলো গুয়াহাটি হাইকোর্ট। আদালতের স্পষ্ট বক্তব্য, নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে প্রয়োজন উপযুক্ত সরকারি নথি এবং ধারাবাহিক পারিবারিক বসবাসের প্রমাণ।
কেন এমন পর্যবেক্ষণ আদালতের?
সম্প্রতি একটি ফরেন ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে গুয়াহাটি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি কল্যাণ রায় সুরানা এবং বিচারপতি সুস্মিতা ফুকন খাউন্ডের বেঞ্চ আবেদনকারীর রিট পিটিশন খারিজ করে দেয়। মামলায় সংশ্লিষ্ট ফরেন ট্রাইব্যুনাল আবেদনকারীকে ১৯৭১ সালের ২৫ মার্চের পর ভারতে প্রবেশকারী বিদেশি হিসেবে ঘোষণা করেছিল। সেই সিদ্ধান্তই বহাল রাখে হাইকোর্ট। (Indian Citizenship)
কী কী নথি দেখিয়েছিলেন আবেদনকারী?
মামলাকারীর দাবি ছিল, ১৯৭৭ সালের ২৫ এপ্রিল অসমে তাঁর জন্ম। নিজের দাবির স্বপক্ষে তিনি ১৯৬৬ ও ১৯৭০ সালের ভোটার তালিকা জমা দেন। ওই তালিকায় তাঁর দাদুর নাম ছিল। এছাড়াও বাবার প্যান কার্ড, ভোটার আইডি, নিজের রেশন কার্ড এবং এনআরসি-তে আবেদন করার রসিদ আদালতে পেশ করেন তিনি। আবেদনকারীর যুক্তি ছিল, তাঁর বাবা ভারতীয় নাগরিক। এমনকী, তিনি লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং গুয়াহাটি পুরনিগমের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। (Indian Citizenship)
কেন গ্রহণ করল না আদালত?
আদালতের পর্যবেক্ষণ, প্যান কার্ড ও ভোটার আইডির মতো নথি মূলত আবেদনকারীর দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয়। এই নথিগুলি ইস্যু করার আগে নাগরিকত্ব নিয়ে বিস্তারিত তদন্ত করা হয় না। তাই এককভাবে এই নথিগুলিকে ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না। পাশাপাশি আদালত জানায়, বাবা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিংবা কাউন্সিলর ছিলেন, শুধু এই তথ্যের ভিত্তিতে আবেদনকারীর সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্কও প্রতিষ্ঠিত হয় না।
আদালতের মতে, ১৯৭০ থেকে ১৯৯৭ সালের মধ্যে আবেদনকারী ও তাঁর পরিবারের অসমে ধারাবাহিক বসবাসের যথাযথ প্রমাণ মেলেনি। ভোটার তালিকায় বয়স সংক্রান্ত একাধিক অসঙ্গতিও সামনে আসে। ফলে নাগরিকত্ব আইন, ১৯৫৫-এর ৬এ(২) ধারায় নির্ধারিত শর্ত পূরণ করতে পারেননি আবেদনকারী। সেই কারণে ফরেন ট্রাইব্যুনালের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। উল্লেখ্য, ২০২২ সালে আবেদনকারীকে দেওয়া অন্তর্বর্তী জামিনের নির্দেশও বাতিল করে দিয়েছে আদালত।


