Aaj lndia Desk, কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) – এর সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কালীঘাটে দলীয় বৈঠকের পর বিদ্রোহী নেতাদের উদ্দেশে অভিষেক বলেছিলেন, তাঁরা যদি দলে ফিরে আসেন, তাহলে তিনি এক ঘণ্টার মধ্যেই নিজের পদ ছেড়ে দিতে প্রস্তুত। একই সঙ্গে আমতলায় তৃণমূলের পার্টি অফিস ভাঙার ঘটনাকে সামনে এনে তিনি দাবি করেন, ২০৩১ সালে ক্ষমতায় ফিরতে পারলে বর্তমান শাসকদের বিরুদ্ধে একই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, ‘প্রত্যেক কাজেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে’, তাই বিজেপি নেতাদের সেই বিষয়টি মনে রাখা উচিত।
এই মন্তব্য নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-এর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি কড়া ভাষায় অভিষেককে নিশানা করেন। কটাক্ষ করে তিনি বলেন, “এটা বাঘের গর্জন, না ফেউয়ের ডাক সেটাই আগে বুঝতে হবে। এই ধরনের সিনেমার সংলাপ বাস্তব রাজনীতিতে মানায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এমন কথা মানায় না।”
এখানেই থামেননি অগ্নিমিত্রা। তাঁর দাবি, গত ১৫ বছর ধরে রাজ্যের মানুষ শুধু এমনই হুমকি ও বড় বড় বক্তব্য শুনে আসছেন। কিন্তু তার ফলেই পশ্চিমবঙ্গ বহু বছর পিছিয়ে গিয়েছে। এখন মানুষ আর এসব কথায় বিশ্বাস করেন না বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বেআইনি নির্মাণের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙার কাজ শুরু করে প্রশাসন। সেই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিষেক বলেন, তিনি যদি ২০৩১ সালে ক্ষমতায় ফেরেন, তাহলে বর্তমানে যে আইনি ধারায় পদক্ষেপ করা হচ্ছে, ভবিষ্যতে একই আইনের আওতায় তারও জবাব দেওয়া হবে। পাশাপাশি দলত্যাগী নেতাদের উদ্দেশে তাঁর চ্যালেঞ্জ ছিল, তাঁরা যদি দলে ফিরে আসেন, তবে তিনি নিজের পদ ছেড়ে দিতেও প্রস্তুত। এই মন্তব্য ঘিরেই এখন শুরু হয়েছে নতুন রাজনৈতিক বাকযুদ্ধ।


