কলকাতা: পরনে সাদা কুর্তি-মেরুন প্যান্ট, মাথা সাদা ওড়নায় ঢাকা, কাঁধে ব্যাগ। দেখে আর পাঁচটা পথ চলতি মহিলাই মনে হয়। কিন্তু ওই কাঁধের ব্যাগেই ‘মৃত্যু’ নিয়ে ঘুরছিলেন মহিলা! অশোকনগরে (Ashoknagar arms smuggling) তাঁকে পাকড়াও করে ব্যাগ খুলতেই হতবাক সিআইডির (CID) গোয়েন্দারা! রবিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরে গোপন অভিযানে এক মহিলাকে গ্রেফতার করে তাঁর ব্যাগ থেকে উদ্ধার হল ৬টি আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন, ২০০ রাউন্ড কার্তুজ এবং নগদ টাকা।
ধৃত মহিলার কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ডের ভিত্তিতেই তাঁর পরিচয় নিশ্চিত করেছে সিআইডি। তদন্তকারী সংস্থা জানিয়েছে, অভিযুক্তের নাম পূজা বিশ্বাস। তিনি উত্তর ২৪ পরগনার হাবরা পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের নিবেদিতা রোডের বাসিন্দা। এই ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
সিআইডি (CID) সূত্রে খবর, গোপন সূত্রে অস্ত্র পাচারের নির্দিষ্ট তথ্য পেয়েই অভিযানে নামে গোয়েন্দারা। সন্দেহভাজন ওই মহিলার উপর দীর্ঘক্ষণ নজরদারি চালানো হয়। তাঁর গতিবিধি অনুসরণ করতে করতে তদন্তকারীরা নৈহাটি রোড হয়ে উত্তর ২৪ পরগনার অশোকনগরের ৮ নম্বর এলাকায় পৌঁছন। সেখানেই তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকেই একে একে বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, বিপুল পরিমাণ কার্তুজ এবং নগদ টাকা (Ashoknagar arms smuggling)। উদ্ধার হওয়া অস্ত্রের পরিমাণ দেখে তদন্তকারীদেরও চোখ কপালে ওঠে। প্রাথমিক তদন্তে সিআইডির অনুমান, এই অস্ত্রগুলি বিহার থেকে পশ্চিমবঙ্গে পাচার করা হয়েছিল। তবে এগুলি কার হাতে পৌঁছানোর কথা ছিল এবং এর নেপথ্যে কোনও বড় আন্তঃরাজ্য অস্ত্র পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অস্ত্র উদ্ধারের পরই গোটা এলাকা ঘিরে ফেলে সিআইডি (CID)। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের একটি অংশে সাধারণ মানুষের প্রবেশ সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালান গোয়েন্দারা। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ (Ashoknagar arms smuggling) ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে তদন্তকারী সূত্রে জানা গিয়েছে।
তদন্তের স্বার্থে ধৃতের মোবাইল ফোন, কল রেকর্ড, যোগাযোগের নথি এবং আর্থিক লেনদেন খতিয়ে দেখা শুরু করেছে সিআইডির একাধিক দল। গোয়েন্দাদের অনুমান, এই ঘটনার সূত্র ধরে আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে। এখন তদন্তের মূল লক্ষ্য, অস্ত্র পাচারের গোটা নেটওয়ার্ক ভেঙে ফেলা এবং এই বিপুল অস্ত্রভাণ্ডারের প্রকৃত গন্তব্যের সন্ধান পাওয়া।


