29.3 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

৩ ঘণ্টা পুলিশের জেরা, তারপরই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস!

কলকাতা: মঙ্গলবার মেসিকান্ডে হাজিরা দিতে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস (Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় প্রায় ৩ ঘন্টা জেরার পর বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভূয়সী প্রশংসা করলেন অরুপ বিশ্বাস। এদিন থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরূপ বলেন, “চিরকাল সাদাকে সাদা আর কালোকে কালো বলেছি। একসময় মন্ত্রী ছিলাম, তখনও এমন কিছু বলিনি বা করিনি। যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো।”

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় সরকারের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে তিনি (Aroop Biswas) বলেন, “ভালো কাজ করেছেন, দ্রুত পদক্ষেপ নিয়েছেন। কঠোর শাস্তির ব্যবস্থা করছেন। এটাকে তো ভালো বলতেই হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কাজ করছেন।”

বারুইপুরের ঘটনাকে তিনি “জঘন্য” বলে উল্লেখ করেন। অরূপের (Aroop Biswas) বক্তব্য, ঘটনার প্রথম মুহূর্ত থেকেই প্রশাসন সক্রিয় হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে। “সরকার প্রথম মুহূর্ত থেকেই সক্রিয় হয়েছে। ব্যবস্থা নিচ্ছে, এটাই সবচেয়ে ভালো,” বলেন অরূপ।

প্রসঙ্গত, বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের ঘটনায় সোমবার মোমবাতি মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ বুধবার বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত ফের মিছিল করবে কালীঘাট তৃণমূল। শাসক শিবিরের অনেকেই এই প্রতিবাদকে ‘নাটক’, ‘লোকদেখানো’ বলে কটাক্ষ করছেন। এদিকে তৃণমূলের প্রাক্তন সৈনিক অরূপ বিশ্বাসের (Aroop Biswas) মুখে শোনা গেল সম্পূর্ণ উল্টো কথা।

উল্লেখ্য, বারুইপুরে নাবালিকার গণধর্ষণ-হত্যার ঘটনায় তোলপাড় সমগ্র রাজ্য। রবিবার পুকুর থেকে নির্যাতিতার বস্তাবন্দী দেহ উদ্ধারের পর ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ইন্দ্রজিৎ তাঁতি নামক এক যুবককে অভিযুক্ত সন্দেহে পিটিয়েও মারা হয়। ইতিমধ্যেই গণধর্ষণ ও খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে বিক্ষোভের নামে ‘অশান্তি’ ছড়ানোর ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকেই রেয়াত করা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন