কলকাতা: বাংলার শিক্ষাক্ষেত্রে বড়সড় বদল! উঠে গেল মাদ্রাসা সার্ভিস কমিশন (Madrasa) এবার থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগও হবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ SSC-র মাধ্যমে। ৬ অক্টোবর এই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতদিন সাধারণ স্কুলের শিক্ষক নিয়োগের জন্য ছিল SSC, আর মাদ্রাসার জন্য আলাদা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন। এবার সেই আলাদা ব্যবস্থাতেই ইতি টেনে দুই নিয়োগ প্রক্রিয়াকে একই ব্যবস্থার আওতায় আনার সিদ্ধান্ত।
অর্থাৎ, মাদ্রাসার (Madrasa) শিক্ষক নিয়োগেও এবার SSC-র নিয়ম ও নিয়োগ প্রক্রিয়া কার্যকর হওয়ার পথ খুলল। এর ফলে নিয়োগে আলাদা কমিশন, আলাদা প্রক্রিয়া, এই ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে।
সরকারের তরফে মূল লক্ষ্য হিসেবে শিক্ষক নিয়োগে সমতা ও একরকম নিয়োগব্যবস্থা বজায় রাখার কথা বলা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশনের তথ্য অনুযায়ী, মাদ্রাসা (Madrasa) ও স্কুলের শিক্ষক-কর্মীদের নিয়োগের যোগ্যতা ও চাকরির বিভিন্ন শর্তে ইতিমধ্যেই একাধিক ক্ষেত্রে সাদৃশ্য রয়েছে।
তবে এই সিদ্ধান্তের গুরুত্ব আরও বেড়েছে সাম্প্রতিক নিয়োগ-সংক্রান্ত বিতর্কের আবহে। মাদ্রাসায় নিয়োগ নিয়ে মামলাতেও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ সামনে এসেছে।
ফলে এখন নজর SSC-র পরবর্তী বিজ্ঞপ্তি ও নতুন নিয়োগের নিয়মের দিকে। মাদ্রাসা (Madrasa) শিক্ষক হতে চাওয়া চাকরিপ্রার্থীদের জন্য কি তবে খুলতে চলেছে নতুন দরজা? নাকি বদলে যাবে এতদিনের নিয়োগের গোটা ছবিই, এখন সেটাই বড় প্রশ্ন।


