Aaj India Desk, কলকাতা: দীর্ঘ প্রায় ২০ বছর পর আবার কলকাতায় (Kolkata)ফিরলেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় তিনি শুধু একটি বাক্য লিখেছিলেন— “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্ট থেকেই স্পষ্ট হয়ে যায়, বহু বছরের অপেক্ষার পর তিনি আবার তাঁর প্রিয় শহরে ফিরছেন। কলকাতায় পৌঁছে লাল পাড় সাদা শাড়ি ও চোখে সানগ্লাস পরে দেখা যায় তাঁকে। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর অসংখ্য স্মৃতি। বহু পরিচিত মানুষ, পুরনো পরিবেশ আর চেনা আবহে ফিরে এসে আবেগঘন হয়ে ওঠেন তিনি।
শনিবার, ১ অগস্ট কলকাতার রবীন্দ্র সদনে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমার। তাঁর কলকাতায় ফেরাকে কেন্দ্র করেই আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তাঁকে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘নির্বাসিত’। এই প্রত্যাবর্তনে খুশি ছবির পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায়ও।
প্রায় দুই দশক আগে, ২০০৭ সালে তসলিমার আত্মজৈবনিক বই ‘দ্বিখণ্ডিত’ প্রকাশের পর কলকাতার বিভিন্ন এলাকায় তীব্র বিক্ষোভ শুরু হয়েছিল। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীকেও নামাতে হয়। সেই সময় তৎকালীন বামফ্রন্ট সরকার বইটির উপর নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমাকে কলকাতা ছাড়তে বলা হয়। এরপর ২০১১ সালে রাজ্যে সরকার বদল হলেও তসলিমা আর কলকাতায় ফিরে আসতে পারেননি। দীর্ঘ সময় পর রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির মধ্যে আবার এই শহরে পা রাখলেন তিনি।
তসলিমা নাসরিন বরাবরই নিজের লেখায় নারী অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় রক্ষণশীলতার সমালোচনার মতো বিষয় নিয়ে সরব থেকেছেন। তাঁর বিভিন্ন লেখা ও বক্তব্যকে কেন্দ্র করে অতীতেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে এবং কলকাতার রাস্তায় প্রতিবাদ হয়েছে। সেই কারণেই অতীতে প্রশাসনকে একাধিকবার কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এবার প্রায় ২০ বছর পর তাঁর কলকাতা সফর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।


