Aaj India Desk, বীরভূম: নিশানা এখন শুধু তৃণমূল (TMC)-এর নেতা-মন্ত্রীদের অফিস নয়, গ্রাম থেকে শহর-বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। কোথাও উদ্ধার হচ্ছে ত্রাণের (Relief) ত্রিপল, কোথাও আবার কম্বল-সহ অন্যান্য সামগ্রী। এরই মধ্যে এমন একটি অভিযানে জড়িয়ে পড়ে এবার দলের রোষের মুখে পড়লেন চার বিজেপি নেতা (BJP Leader)।
দলবিরোধী কাজের অভিযোগ তুলে বীরভূমের সিউড়ি শহরের চার বিজেপি পদাধিকারীকে শো-কজ নোটিস পাঠিয়েছে দল। বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভান্ডারীর পক্ষ থেকে পাঠানো ওই নোটিসে জানানো হয়েছে, আগামী তিন দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে, এমনকি বহিষ্কারও করা হতে পারে।
দলীয় সূত্রের দাবি, এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে সিউড়ির প্রাক্তন বিধায়ক ও বর্তমান তৃণমূল নেতা বিকাশ রায় চৌধুরীর অস্থায়ী বাসভবনে হওয়া ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনা। সম্প্রতি সিউড়ির সাজানোপল্লি এলাকায় তাঁর একটি অস্থায়ী বাড়ির তালা ভেঙে ত্রিপল ও কম্বল উদ্ধার করা হয়। অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির ওই চার নেতা এবং পুরো ঘটনায় তাঁদের সক্রিয় ভূমিকা ছিল।
তবে বিকাশ রায় চৌধুরীর বক্তব্য একেবারেই আলাদা। তাঁর দাবি, বাড়িতে ত্রাণের ত্রিপল ও কম্বল রাখা রয়েছে, সে বিষয়ে তিনি আগেই জেলা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছিলেন। শুধু তাই নয়, ওই সামগ্রী সরকারি হেফাজতে নেওয়ার অনুরোধও করেছিলেন। কিন্তু প্রশাসনের পদক্ষেপের আগেই তালা ভেঙে সেগুলি বের করে নেওয়া হয় বলে অভিযোগ তাঁর।
ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি নেতৃত্বও বিষয়টি নিয়ে অস্বস্তিতে পড়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তাই দলের ভাবমূর্তি বজায় রাখতে দ্রুত নিজেদের চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটল বিজেপি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


