কলকাতা: রবিবার বারুইপুরের সূর্যপুরে ১২ বছরের নাবালিকা গণধর্ষণ-খুনের ঘটনায় অভিযুক্ত সন্দেহে পিটিয়ে মারা হয় ইন্দ্রজিৎ তাঁতি (২৬) নামক যুবককে (Baruipur violence)। মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর গণপিটুনিতে নিহত যুবক ‘নির্দোষ’ বলে দাবী করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি (Suvendu Adhikari) স্পষ্ট করে বলেন, “যে অপরাধ করেছে, তার যেমন বিচার হবে, তেমনই নির্দোষ কাউকে হত্যা করলেও তার বিচার হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
নিহত ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে কথাও বলেছিলেন তিনি। ফের আগামীকাল অর্থাৎ শনিবার বারুইপুরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ওইদিনও ইন্দ্রজিতের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিকে শুক্রবার থেকে ইন্দ্রজিতের বাড়ি মেরামতির কাজ শুরু হয়েছে প্রশাসনের তরফে। বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে পুলিশ। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ইন্দ্রজিতের পরিবার প্রশাসনের এই পদক্ষেপে স্বস্তি পেয়েছে। তাঁদের এখন দাবী, দোষীরা যেন শাস্তি পায়।
প্রসঙ্গত, রবিবার নাবালিকার বস্তাবন্দী দেহ উদ্ধারের পর দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বারুইপুরের সূর্যপুর এলাকায় (Baruipur violence)। রেল-সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, রাস্তায় আগুন জ্বালিয়ে দেওয়া, সূর্যপুর পুলিশ ক্যাম্পে ভাঙচুরের পাশাপাশি অভিযুক্ত সন্দেহে ইন্দ্রজিৎ তাঁতিকে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা। ঘটনার পর শুভেন্দু কড়া হুঁশিয়ারি দেন, “কাউকে রেয়াত করা হবে না”! সেইসঙ্গে ঘটনায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। এরপরই ‘অপারেশন ক্লিন আপ’ শুধু করে পুলিশ। ইতিমধ্যেই অশান্তির (Baruipur violence) ঘটনায় প্রায় ৪৫ জনকে আটক করা হয়েছে।


