মুর্শিদাবাদ: বিধানসভায় ধ্বনিভোটে পাশ হয়েছে “গুন্ডাদমন বিল” (Anti social activities law)। সোমবার থেকেই রাজ্যজুড়ে কার্যকর হবে এই আইন—শুক্রবার মুর্শিদাবাদ থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন বহরমপুরে দাঁড়িয়ে তাঁর দাবি, এই আইন কার্যকর হলে ভবিষ্যতে সামশেরগঞ্জ বা ধুলিয়ানের মতো অশান্তির ঘটনা আর ঘটবে না। ঘটলেও প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করতে এই আইন কার্যকর করা হচ্ছে। তাঁর কথায়, “রেল, বাস জ্বালানো, পুলিশকে মারা এসব অতীত। নারী সুরক্ষা নিশ্চিত করা, মানবপাচার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং গুরুতর অপরাধের মামলার দ্রুত বিচার নিশ্চিত করাই এই আইনের (Anti social activities law) অন্যতম লক্ষ্য।”
তিনি (Suvendu Adhikari) আরও বলেন, সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যে ধরনের হিংসার ঘটনা ঘটেছিল, তা যাতে আর না ঘটে, সেই উদ্দেশ্যেই সরকার কঠোর আইনি কাঠামো তৈরি করেছে। ভবিষ্যতে কোথাও আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা হলে প্রশাসন দ্রুত এবং কড়া পদক্ষেপ করবে বলেও জানান তিনি। পাশাপাশি, গুন্ডাদমন আইন নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, বিলটি (Anti social activities law) পাশ করানোর ক্ষেত্রে সমস্ত সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া মেনেই এগোনো হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পরই সোমবার থেকে আইনটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের আশা, নতুন আইন কার্যকর হলে সংগঠিত অপরাধ, দাঙ্গা, ভাঙচুর, নারী নির্যাতন, মানবপাচার এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত গুরুতর অপরাধের বিরুদ্ধে আরও দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। তবে এই আইনের প্রয়োগ কীভাবে হবে এবং বাস্তবে কতটা কার্যকর প্রমাণিত হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও প্রশাসনিক মহলের।


