22 C
Kolkata
Friday, November 27, 2026
spot_img

২০২৭-এর ভোটের আগে বড় বার্তা? যোগী আদিত্যনাথকে নিয়ে বিস্ফোরক সঞ্জয় রাউত

Aaj lndia Desk, নয়াদিল্লি: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তার মধ্যেই বিরোধী শিবিরের নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) মুখে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশংসা ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

যোগীকে ‘হিন্দুত্বের শীর্ষ মুখ’ বললেন রাউত

বৃহস্পতিবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সাংসদ সঞ্জয় রাউত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘হিন্দুত্বের শীর্ষ মুখ’ বলে উল্লেখ করেন। তাঁর কথায়, যোগী আদিত্যনাথ একজন যোগ্য নেতা এবং তাঁকে তাঁরাও ভালোবাসেন।

রাউতের মন্তব্য, “যোগী না থাকলে উত্তরপ্রদেশও নেই।” যোগী যদি নিজেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করে থাকেন, তা হলে সেটি প্রশংসনীয় বলেও জানান তিনি। তাঁর মতে, এই বক্তব্যের মধ্যে যোগীর আত্মবিশ্বাসের পরিচয় রয়েছে। উত্তরপ্রদেশে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নির্বাচিত বিধায়কেরা তাঁকেই সমর্থন করবেন, এমন বিশ্বাস থেকেই যোগী এই কথা বলে থাকতে পারেন।

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে কী বলেছিলেন যোগী?

এর একদিন আগে একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে ২০২৭ সালের নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, সেই প্রশ্নের মুখে পড়েন যোগী আদিত্যনাথ। জবাবে তিনি জানান, দলের ‘পদ্ম’ প্রতীকই আসল মুখ। পাশাপাশি, কে কী, তা সবাই জানেন বলেও মন্তব্য করেন তিনি।

বিজেপির অবস্থান এখনও স্পষ্ট নয়

বিজেপি এখনও আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) জানিয়েছেন, নির্বাচনের ফল প্রকাশের পরই মুখ্যমন্ত্রী নিয়ে সিদ্ধান্ত নেবে দল। রাজ্য বিজেপি সভাপতি পঙ্কজ চৌধুরী (Pankaj Chaudhary) যৌথ নেতৃত্বের কথা বললেও যোগীকে দলের অন্যতম মুখ হিসেবে উল্লেখ করেছেন।

হিন্দুত্বের প্রশ্নে নতুন রাজনৈতিক সমীকরণ?

২০২২ সালে একনাথ শিন্ডের (Eknath Shinde) গোষ্ঠী বিজেপির সমর্থনে সরকার গড়ার পর থেকেই উদ্ধব ঠাকরের শিবসেনা ক্ষমতার বাইরে। বর্তমানে তারা কংগ্রেস ও শরদ পওয়ারের এনসিপির সঙ্গে মহা বিকাশ আঘাড়ি এবং জাতীয় স্তরে ইন্ডিয়া (INDIA) জোটের অংশ।

রাজনৈতিক মহলের মতে, যোগীর হিন্দুত্ববাদী ভাবমূর্তির প্রশংসা করে সঞ্জয় রাউত নিজেদের আদর্শিক অবস্থান তুলে ধরতে চেয়েছেন। ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চে উত্তরপ্রদেশে ভোট হওয়ার কথা। বিজেপি আপনা দল, রাষ্ট্রীয় লোক দল, এসবিএসপি এবং নিষাদ পার্টির সঙ্গে জোটে লড়বে। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির নেতৃত্বে রয়েছেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন