Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা: ফলতা (Falta)-য় ভোটগণনা যত এগোচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে বিজেপির (BJP) বড় জয়ের ছবি। শুরুতেই তৃণমূল (TMC) প্রার্থী জাহাঙ্গির খান (Jahangir Khan) ভোট প্রক্রিয়া থেকে ওয়াকআউট করেছিলেন। আর সেই আবহেই এবারের ফলে সবচেয়ে বেশি নজর কেড়েছে সিপিএমের (CPM) পারফরম্যান্স। প্রায় এক দশক পর ফলতা বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম।
এখনও পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, সিপিএমের ঝুলিতে এসেছে ৩৫ হাজার ৩২২ ভোট। তবে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। তাদের প্রাপ্ত ভোট ৮৫ হাজার ১৭২। ফলে বিজেপির জয় কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এর আগে ২০১৬ সালের বিধানসভা ভোটে শেষবার দ্বিতীয় স্থানে ছিল সিপিএম। দীর্ঘদিন ধরে ভোটের রাজনীতিতে পিছিয়ে থাকার পর এবার আবারও তারা শক্তি দেখাতে শুরু করেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অন্যদিকে, এতদিন যে তৃণমূল এই এলাকায় প্রথম সারিতে ছিল, এবার তারা নেমে গিয়েছে চতুর্থ স্থানে।
রাজ্যের বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এই ফলকে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ফলতার মতো এলাকায় সিপিএমের ভোট বাড়া ভবিষ্যতের রাজনীতির জন্য নতুন ইঙ্গিত দিচ্ছে বলে মত পর্যবেক্ষকদের।
অন্যদিকে, ডায়মন্ড হারবার মডেল নিয়ে দীর্ঘদিন ধরে তৃণমূলের নেতারা প্রচার করেছেন। উন্নয়নের উদাহরণ হিসেবে বারবার এই মডেলের কথা তুলে ধরা হত। কিন্তু বিরোধীদের অভিযোগ ছিল, ওই এলাকার বিভিন্ন কেন্দ্রে সাধারণ মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারতেন না। ফলতায় পুনর্নির্বাচনের ক্ষেত্রেও স্থানীয়দের একাংশ অভিযোগ করেছিলেন, ভোটারদের ভয় দেখানো হয়েছিল।
এবারের ভোটেও ইভিএমে বিজেপির প্রতীকের উপর টেপ লাগিয়ে দেওয়া বা আতর মাখিয়ে দেওয়ার মতো অভিযোগ সামনে আসে। সেই সব অভিযোগের ভিত্তিতেই নির্বাচন কমিশন সেখানে ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয়। আর পুনর্নির্বাচনের পর ভোটের ফল প্রকাশ্যে আসতেই রাজনৈতিক ছবিটা একেবারে বদলে যায়। বিজেপি এগিয়ে যায় বিশাল ব্যবধানে, আর দ্বিতীয় স্থানে উঠে আসে সিপিএম।


