Aaj lndia Desk, কলকাতা: মহিলাদের বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা চালু থাকলেও এবার সেই পরিষেবার বুকিং প্রক্রিয়ায় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। বিশেষ করে দূরপাল্লার সরকারি বাসের টিকিট সংরক্ষণের ক্ষেত্রে নেওয়া হয়েছে নতুন সিদ্ধান্ত। এতদিন পিঙ্ক কার্ড (Pink Card) ব্যবহার করে অনলাইনে বিনামূল্যে টিকিট কাটার সুযোগ পেতেন মহিলারা। কিন্তু সেই ব্যবস্থায় একাধিক সমস্যা সামনে আসায় এবার অনলাইন বুকিংয়ের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার পথে হাঁটছে পরিবহন দফতর (Transport Department)।
অনলাইন বুকিংয়ে কত আসন মিলবে?
নতুন নিয়ম অনুযায়ী, দূরপাল্লার সরকারি বাসের মোট আসনের ৩০ শতাংশ অনলাইনে বুক করা যাবে। অবশিষ্ট ৭০ শতাংশ আসনের জন্য যাত্রীদের অফলাইন কাউন্টারের উপর নির্ভর করতে হবে। অর্থাৎ, অনলাইনে টিকিট কাটার সুযোগ থাকলেও আগের মতো সীমাহীনভাবে বুকিং করা সম্ভব হবে না। বিশেষত বিনামূল্যের টিকিটের ক্ষেত্রে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বুকিংয়ের পরেও ফাঁকা থাকছে আসন!
এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে একটি গুরুতর সমস্যা। অভিযোগ উঠেছে, অনেক মহিলা অনলাইনে বিনামূল্যের টিকিট সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নির্ধারিত যাত্রায় অংশ নিচ্ছেন না। ফলে তাঁদের নামে সংরক্ষিত আসনগুলি খালি পড়ে থাকছে। অন্যদিকে, ওই আসনগুলিতে টিকিট বিক্রি করতে না পারায় পরিবহন নিগমও আর্থিক ক্ষতির মুখে পড়ছে। বিনামূল্যের পরিষেবার সুযোগ নিয়ে এমন অনিয়ম ঠেকাতেই এবার বুকিং ব্যবস্থায় নিয়ন্ত্রণ আনার উদ্যোগ।
পাঁচ মাসের সমস্যার পর নয়া উদ্যোগ
গত পাঁচ মাস ধরে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগে ছিল পরিবহন দফতর। বারবার একই সমস্যা সামনে আসায় শেষ পর্যন্ত অনলাইন ও অফলাইন টিকিটের মধ্যে আসন ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, পিঙ্ক কার্ডের মাধ্যমে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পান। সল্টলেক (Salt Lake) থেকে দিঘা (Digha), পুরী (Puri) কিংবা দার্জিলিং (Darjeeling) যাওয়ার মতো দূরপাল্লার যাত্রাতেও রয়েছে এই সুবিধা। নতুন নিয়মে পরিষেবার সুবিধা বজায় রেখেই বুকিংয়ের অপব্যবহার কমানোই সরকারের লক্ষ্য। এবার এই পদক্ষেপে বাসের আসন ফাঁকা থাকার সমস্যা কতটা মেটে, সেটাই দেখার।


