Aaj India Desk, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (TMC) নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই দলের অন্দরে শুরু হয়েছে ভাঙন। একাংশ তৃণমূল সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গ ছেড়ে NCPI-তে যোগ দিয়েছেন। এমনকী, কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেছেন তাঁরা। অন্যদিকে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হওয়া কয়েকজন বিধায়কও পরে দল ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata Banerjee) নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল’-এ যোগ দেন। কিন্তু এবার কি সেই শিবিরেও ভাঙন ধরতে চলেছে?
কলকাতায় এসে এমনই ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (RPI)-র প্রধান রামদাস আটওয়ালে। তাঁর দাবি, কয়েকজন বিদ্রোহী তৃণমূল বিধায়ক তাঁর দলে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। এই বিষয়ে তাঁদের সঙ্গে যোগাযোগও চলছে। শুধু তাই নয়, বিমানবন্দরে রামদাস আটওয়ালের সঙ্গে কয়েকজন প্রাক্তন তৃণমূল বিধায়কের সাক্ষাৎ হয়েছে বলেও জানা গিয়েছে। আর এই সাক্ষাতের পরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, NCPI-তে যোগদানের পর এবার কি RPI-এর দিকে পা বাড়াচ্ছেন তৃণমূলের আরও কিছু নেতা? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলেও কি এবার ভাঙন দেখা দিতে পারে?
উল্লেখ্য, রামদাস আটওয়ালে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আঠওয়ালে)-র সভাপতি। তিনি বর্তমানে কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ। ২০১৪ সাল থেকে তাঁর দল NDA-র শরিক। এবার পশ্চিমবঙ্গেও দলের সাংগঠনিক শক্তি বাড়ানোর উদ্যোগ নিয়েছে RPI। বিশেষ করে কলকাতা পুরসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই পরিস্থিতিতে তৃণমূলের বিদ্রোহী বিধায়ক ও নেতাদের যোগদানের সম্ভাবনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে।


