Aaj India Desk, কলকাতা : আকাশে এখনও রোদের দাপট পুরোপুরি ম্লান হয়নি। তবে বাতাসের ভাঁজে ভাঁজে জমতে শুরু করেছে বর্ষার ইঙ্গিত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রঝড়ের প্রবণতা বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে মৌসুমি বায়ুর প্রভাবে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। (West Bengal Weather Update)
আবহাওয়াবিদদের মতে, পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
দক্ষিণে স্বস্তি আনতে পারে বৃষ্টি
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ ও ২১ জুন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। (West Bengal Weather Update)
পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রঝড়ের তীব্রতা তুলনামূলক বেশি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
উত্তরবঙ্গে জারি অরেঞ্জ অ্যালার্ট
জুনের শুরু থেকেই উত্তরবঙ্গে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। তার জেরেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। (West Bengal Weather Update)
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
তবে এর পাশাপাশি ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূল সংলগ্ন সমুদ্রে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার ঝাপটা ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এই কারণে ওই সময়ে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।


