কাঠমান্ডু: ভোটেকোশির হড়পা বানের (Nepal Flash flood) রেশ এখনও কাটেনি! এখনও চলছে উদ্ধারকাজ! এর মাঝেই আরও বড় বিপদ ঘনাচ্ছে নেপালের আকাশে! নদীর বুকে পাহাড়! ফের ভূমিধসে (Nepal landslide) চৌলানি নদী অবরুদ্ধ, জমছে জল! নেপালে কি ফের আছড়ে পড়তে চলেছে ‘জলরোষ’?
জানা গিয়েছে, নেপালের আপি হিমাল ভাট্টার এলাকায় ফের নতুন করে ভূমিধস! আর সেই ধসের বিপুল ধ্বংসাবশেষ এসে পড়তেই বিপদ বাড়ছে চৌলানি নদীতে।
পাথর, কাদামাটি আর মাটির স্তূপে নদীর একাংশ কার্যত আটকে গিয়েছে। ধসের জেরে (Nepal landslide) নদীর স্বাভাবিক গতিপথও আংশিক অবরুদ্ধ। আর সেখানেই এখন জমছে জল, পাথর আর মাটি।
আশঙ্কা, যদি ধস নেমে নদীর গতিপথ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাহলে ধীরে ধীরে বিপুল জলরাশি জমতে পারে। আর সেই জল কোনওভাবে বাধা ভেঙে বেরিয়ে এলে তৈরি হতে পারে আচমকা ভয়ঙ্কর স্রোত, তাই ফের হড়পা বানের আশঙ্কা ঘিরে সতর্ক নেপাল প্রশাসন। তবে এই মুহূর্তে চৌলানি নদীর জলস্তর স্বাভাবিক রয়েছে বলেই জানিয়েছে পুলিশ। কিন্তু পরিস্থিতি যে একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না, তা প্রশাসনের তৎপরতাতেই স্পষ্ট।
নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। কাছাকাছি এলাকায় থাকা মানুষজনকে যে কোনও জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তাকর্মী। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।
সুদূরপশ্চিম প্রদেশের মুখ্যমন্ত্রী খাগরাজ ভট্টও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জরুরি পরিস্থিতি তৈরি হলে যাতে দ্রুত উদ্ধার ও দুর্যোগ মোকাবিলার কাজ শুরু করা যায়, তার জন্য প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। চালু করা হয়েছে জরুরি নম্বরও।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, চৌলানি নদীকে ক্যামেলিয়া নদী নামেও উল্লেখ করা হয়। আপি হিমাল অঞ্চলে উৎপন্ন এই নদী পরে মহাকালী নদীতে গিয়ে মিশেছে এবং নেপাল-ভারত সীমান্তবর্তী এলাকার সঙ্গে যুক্ত।
অর্থাৎ এখন প্রশ্ন একটাই, পাহাড়ের ধস (Nepal landslide) কি শুধু নদীর গতিপথ আটকাল, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও বড় বিপদের সম্ভাবনা? জলস্তর আপাতত স্বাভাবিক, কিন্তু নদীর পথে জমছে ধ্বংসাবশেষ। তাই পরিস্থিতির দিকে তাকিয়ে এখন থেকেই সতর্ক নেপাল প্রশাসন।


