Aaj India desk, কলকাতা:বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ মিলত না। তার জন্য পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেন রাজ্যের সাথে বিমাতার মত আচরণ করে কেন্দ্র। একমাস আগেও জল-জীবন-মিশন প্রকল্পের (Jal Jeevan Mission Scheme) অর্থের জন্য ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা।এবার সরকার বদলাতেই বদল হল কেন্দ্রের নীতির। জানা গেছে বকেয়া বিপুল পরিমাণ অর্থ পেতে চলছে পশ্চিমবঙ্গ। খুব তাড়াতাড়ি এই নিয়ে কেন্দ্র- রাজ্য মৌ সই হতে চলেছে ।
কোন প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ মিলবে?
দীর্ঘদিন ধরে জল-জীবন-মিশনের জন্য কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ হয়ে আছে রাজ্যে। খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের সচিবের সঙ্গে বৈঠক হবে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিবের। এরপরই মৌ সই হয়ে জল-জীবন-মিশন প্রকল্পে (Jal Jeevan Mission Scheme) কেন্দ্রের থেকে ২৭০০ কোটি টাকা পেতে চলেছে রাজ্য।এর জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে কত বকেয়া রয়েছে, বাড়িতে বাড়িতে জলের সংযোগ কত দেওয়া হয়েছে? সমস্ত তথ্যসহ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে।খুব দ্রুত জনগণ এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন বলেই আশা করা হচ্ছে।
বরাদ্দ কেন মেলেনি?
জানা গেছে শুধু পশ্চিমবঙ্গে নয়, বিভিন্ন রাজ্যে এই প্রকল্পের কাজ বন্ধ ছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রের অভিযোগ ছিল জল-জীবন-মিশন প্রকল্পে (Jal Jeevan Mission Scheme) প্রকল্পের ‘ব্র্যান্ডিং’ বা নামকরণ-প্রচার ইত্যাদি বিষয়ে কেন্দ্রের বিধি মানা হচ্ছে না। অবশ্য রাজ্য পরে কেন্দ্রের দাবি মেনে নেয়। তবুও দীর্ঘদিন প্রকল্পের বরাদ্দ বন্ধ ছিল। বরাদ্দ বন্ধ থাকায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছিল রাজ্য। অন্যদিকে ভোট প্রচারে এসে বারবার পিএম টু সিএম’—একযোগে কাজ করার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও অন্যান্য রাজ্যের বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রীরা ডাবল ইঞ্জিন ( কেন্দ্র রাজ্য একই দল) সরকারের কথা ভোটপ্রচারে এসে বারবার বলে গেছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার হওয়ার পর এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য রাখে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


