Aaj India Desk, কলকাতা: তিলজলা, বেলেঘাটা, কসবা, বালিগঞ্জ, উল্টোডাঙা এবং বেহালা সহ কলকাতার একাধিক এলাকায় এখন জোরকদমে চলছে বেআইনি নির্মাণ (Illegal construction) ভাঙার অভিযান। আগেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল যে, শহর ও রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব বহুতল বা নির্মাণ নিয়ম না মেনে গড়ে তোলা হয়েছে, সেগুলো একের পর এক বুলডোজার (Bulldozer) দিয়ে ভেঙে ফেলা হবে। আজ, অর্থাৎ রবিবারও সেই অভিযানের ধারাবাহিকতা বজায় থাকে। কসবার বোসপুকুর এলাকায় একটি বেআইনি নির্মাণ ভাঙার সময় সরেজমিনে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। সেখানে দাঁড়িয়ে তিনি পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভাঙার কাজ তদারকি করেন।
এইদিনে বেলেঘাটার ত্রাস রাজু নস্করের তৈরি একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। তিলজলায় জাভেদ খান-এর ছেলে ফাইয়াজ খানের নাম জড়ানো একটি অবৈধ বহুতলও পুরসভার তরফে ভেঙে দেওয়া হয়। বালিগঞ্জ এলাকায় সোনা পাপ্পুর নির্মিত আরেকটি বেআইনি বহুতলও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে পুরমন্ত্রী জানান, “মোট ছ’টি বড় বেআইনি নির্মাণ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে রাজু নস্কর এবং সোনা পাপ্পুর তৈরি একাধিক নির্মাণ রয়েছে। এছাড়াও বিধায়ক জাভেদ খান এবং তাঁর ছেলের নামেও সেখানকার দুটি নির্মাণ চিহ্নিত করা হয়েছে, সেগুলোও ভাঙা হবে।” তিনি আরও স্পষ্ট করে বলেন, “শুধু যারা এই বেআইনি নির্মাণ তৈরি করেছে তাদের বিরুদ্ধেই নয়, বরং যারা এই নির্মাণে টাকা লগ্নি করেছে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগের সরকার দীর্ঘ ১৫ বছর ধরে এই ধরনের বেআইনি নির্মাণ নিয়ে কোনো পদক্ষেপ নেয়নি, তবে এবার সবাইকেই জবাবদিহির মুখে পড়তে হবে।”
অভিযান চলাকালীন পুরো এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। প্রচুর পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং ভাঙার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।


