Aaj India Desk,নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পর আন্দোলন নিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল ককরোচ জনতা পার্টি (CJP)। শনিবার সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকের পর ধর্না কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা করে সংগঠন। সিজেপির দাবি, আন্দোলন ঘিরে তাদের একাধিক দাবিতে কেন্দ্র ইতিবাচক সাড়া দিয়েছে। একই দিনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজেপি নেতা সৌরভ দাস (Sourav Das) বলেন, আন্দোলনের নামে যারা হিংসার পথ বেছে নিয়েছে বা সংবাদমাধ্যমের বিরুদ্ধে উস্কানিমূলক আচরণ করেছে, তারা সংগঠনের অংশ নয়। তাঁর দাবি, কিছু সমাজবিরোধী আন্দোলনের সুযোগ নিয়ে সিজেপির সঙ্গে নিজেদের জড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু তাদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। হিংসা এবং উস্কানির ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করে তিনি জানান, এই ধরনের কাজ আন্দোলনের ভাবমূর্তিকে নষ্ট করে।
তবে সংবাদমাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে সিজেপি। সৌরভের অভিযোগ, আন্দোলন চলাকালীন কিছু সংবাদমাধ্যমে এমন তথ্য ও মন্তব্য প্রচার করা হয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল ছিল না। যদিও মাঠে থাকা রিপোর্টারদের দোষ দেননি তিনি। বরং সংবাদমাধ্যমের মালিক, সম্পাদক এবং সঞ্চালকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেন, যুবসমাজকে নিয়ে যেভাবে মন্তব্য করা হয়েছে, তাতে সাধারণ মানুষ খুশি নন। ভবিষ্যতে এই ধরনের আচরণের জন্য সংবাদমাধ্যমকেও মানুষের প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সব মিলিয়ে, আন্দোলনের সমাপ্তি ঘোষণা করার পাশাপাশি হিংসার সঙ্গে নিজেদের কোনও সম্পর্ক নেই এই বার্তাই জোর দিয়ে তুলে ধরেছে সিজেপি। একই সঙ্গে কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে দাবিদাওয়া মেনে নেওয়ার দাবি করে আন্দোলনের একটি নতুন অধ্যায়েরও ইঙ্গিত দিয়েছে সংগঠন।


