Aaj lndia Desk,কলকাতা: তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের (Tiljala Fire) ঘটনায় এখনও আতঙ্কের রেশ কাটেনি। আর তার মধ্যেই কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। কর্তব্যে গাফিলতি অভিযোগে প্রগতি ময়দান ফায়ার স্টেশনের ইনচার্জ তথা স্টেশন অফিসার গৌতম দাস(Goutam Das)কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নির্দেশের পর অবৈধ কারখানার বিরুদ্ধে শুরু হয়েছে বুলডোজার অভিযান। পুরসভার কর্মীরা ইতিমধ্যেই ভাঙার কাজ শুরু করেছেন। প্রশাসনের দাবি, বেআইনি নির্মাণ ও নিরাপত্তাহীন কারখানার বিরুদ্ধে আগামী দিনেও অভিযান আরও জোরদার করা হবে। (Tiljala Fire Kolkata Gautam Das Suspended)
কি ঘটেছিল সেদিন ?
মঙ্গলবার তিলজলার মত ঘনবসতিপূর্ণ এলাকায় থাকা একটি চামড়ার কারখানায় আচমকাই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে পুরো কারখানা। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুজন, আর গুরুতর আহত অবস্থায় তিন জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানাটির কোনও বৈধ বিল্ডিং প্ল্যান বা প্রয়োজনীয় অনুমতি ছিল না। সম্পূর্ণ বেআইনি ভাবেই চলছিল কারখানার কাজকর্ম। ঘটনার পরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।
দমকলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না। তিলজলার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নেভানোর কাজে কোথায় ত্রুটি ছিল, তা খতিয়ে দেখতে শুরু হয়েছে । প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই স্টেশন অফিসারকে সাসপেন্ড করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


