Aaj India Desk, কলকাতা: নতুন সরকার গঠনের পর রাজ্যের বিধায়কদের (MLA) শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে। এবার প্রথমবার বিধায়ক হিসেবে শপথ নিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। আর সেই দিনই দেখা গেল একেবারে অন্যরকম ছবি। বিধানসভার ভিতরে মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং তৃণমূল বিধায়ক। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে একে অপরের বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছে তাঁদের। তাই হঠাৎ করে দু’জনকে হাসিমুখে কথা বলতে দেখে অনেকেই অবাক হন। শুধু শুভেচ্ছা বিনিময়ই নয়, সৌহার্দ্যের ছবিও ধরা পড়ে সেখানে।
জানা গিয়েছে, শপথ নেওয়ার পর বিধানসভার লবিতে বেরোচ্ছিলেন কুণাল ঘোষ। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামনে দেখা হতেই কুণাল প্রথমে ‘শুভেচ্ছা’ জানান। জবাবে শুভেন্দুও দাঁড়িয়ে কথা বলেন। হাসিমুখে তিনি কুণালকে বলেন, “শেষ পর্যন্ত জিতে গেলেন তো!” এরপর দুজনের মধ্যেই কিছুক্ষণ সৌজন্য বিনিময় হয়।
সেই সময় সেখানে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক ও রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি এগিয়ে এসে কুণাল ঘোষকে জড়িয়ে ধরেন। এই দৃশ্য দেখে অনেকেই চমকে যান। কারণ রাজনৈতিক মঞ্চে সাধারণত তাঁদের আলাদা অবস্থানেই দেখা যায়।
তবে অতীতেও একাধিকবার দিলীপ ঘোষের কিছু কাজ ও লড়াইয়ের প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ। রাজনৈতিক মতের পার্থক্য থাকলেও ব্যক্তিগতভাবে সম্মান দেখানোর কথা তিনি আগেও বলেছিলেন। আর এদিন বিধানসভায় সেই সম্পর্কেরই অন্য ছবি সামনে এল।


