Aaj lndia Desk,নয়াদিল্লি: দীর্ঘ ২৬ দিনের অনশন শেষে শুক্রবার মধ্যরাতে অনশন প্রত্যাহার করেছেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ককরোচ জনতা পার্টি (CJP) জানিয়েছে, ওয়াংচুকের এই আত্মত্যাগ দেশের মানুষের দৃষ্টি শিক্ষা আন্দোলনের দিকে টেনে এনেছে। তবে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাঁর অনশন শেষ হলেও আন্দোলন থামছে না।
শুক্রবার ভোরে এক্স-এ পোস্ট করে CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (Abhijeet Dipke) বলেন, সোনম ওয়াংচুক নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে লড়াই চালিয়েছেন, তা দেশের বিবেককে নাড়া দিয়েছে। তাঁর এই পদক্ষেপের ফলে শিক্ষা ব্যবস্থার সমস্যা এবং আন্দোলনের মূল দাবি জাতীয় স্তরে আরও বেশি গুরুত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে অভিজিৎ দিপকে ( Abhijeet Dipke) জানায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত দিল্লির যন্তর মন্তরে CJP-র শান্তিপূর্ণ অবস্থান-বিক্ষোভ চলবে। দলের দাবি, NEET প্রশ্নফাঁসের ঘটনার পূর্ণ তদন্ত, শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কার এবং এই ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর ইস্তফা।
গত ২৮ জুন যন্তর মন্তরে CJP-র আন্দোলনে যোগ দিয়ে ছাত্রছাত্রীদের সমর্থনে অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আন্দোলনস্থল থেকে গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে তিনি অনশন ভাঙেন। পরে এক্স-এ পোস্ট করে ওয়াংচুক জানান, দীর্ঘ আলোচনা এবং দেশে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা মাথায় রেখেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, কয়েকটি নির্দিষ্ট শর্তের ভিত্তিতে অনশন প্রত্যাহার করা হয়েছে। খুব শীঘ্রই একটি আলাদা ভিডিও বার্তায় সেই শর্তগুলি বিস্তারিত জানাবেন বলেও আশ্বাস দেন।
শেষে দেশবাসীর উদ্দেশে শান্তির বার্তা দিয়ে সোনম ওয়াংচুক বলেন, কোনও পরিস্থিতিতেই হিংসার পথে না গিয়ে সবাইকে সংযম বজায় রাখতে হবে। তাঁর আবেদন, আন্দোলন হোক শান্তিপূর্ণ এবং আইন মেনেই।


