Aaj India Desk, কলকাতা: ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশন (Mitra Institution)-এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্কুলের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি আধুনিক পরিকাঠামো গড়ে তোলার দিকেও জোর দেন তিনি।
পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ
মুখ্যমন্ত্রী জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত রাজ্যের পাঠ্যসূচিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও কাজ অন্তর্ভুক্ত করা হবে। সেখানে পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা, দেশপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, আইনসভায় তাঁর গুরুত্বপূর্ণ বক্তৃতা, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে তাঁর অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে শিক্ষাক্ষেত্রে তাঁর কাজ তুলে ধরা হবে। তাঁর মতে, নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস পৌঁছে দেওয়া অত্যন্ত প্রয়োজন।
১৯০৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত এই স্কুলের ছাত্র ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পরে ১৯২৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি স্কুলের পরিচালন সমিতির সঙ্গেও যুক্ত ছিলেন। সেই ইতিহাসের কথা তুলে ধরে স্কুলের সংস্কারের জন্য নিজের বিধায়ক তহবিল থেকে ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকে আগামী অগস্টের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠিয়ে সংস্কারের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় প্রকল্পে অন্তর্ভুক্তির উদ্যোগ
মুখ্যমন্ত্রী জানান, স্কুলের পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে আধুনিক সুযোগ-সুবিধা গড়ে তুলতে বিদ্যালয়টিকে কেন্দ্রের PM SHRI প্রকল্পের আওতায় আনার চেষ্টা করা হবে। একই সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর নামে চালু থাকা একটি কেন্দ্রীয় শিক্ষাপ্রকল্পের সঙ্গেও এই স্কুলকে যুক্ত করার জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তি নির্মাণ-সহ বিভিন্ন স্মারক প্রকল্পে তথ্য ও সংস্কৃতি দফতর এ বছর প্রায় ২০০ কোটি টাকা ব্যয় করছে। সেই তহবিল থেকে মিত্র ইনস্টিটিউশনের উন্নয়নে কোনও সাহায্য করা যায় কি না, তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।
পড়ুয়াদের জন্য বিশেষ উপহার
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, স্কুলের প্রায় ১,০০০ জন ছাত্র-ছাত্রীকে ভগিনী নিবেদিতার লেখা বিখ্যাত ইংরেজি বই ‘The Master as I Saw Him’ উপহার দেওয়া হবে। তাঁর কথায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দ দু’জনেই দেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতেন। সেই ভাবনা থেকেই নতুন প্রজন্মের কাছে তিনি একটি বার্তা দেন— “সবার আগে দেশ, সবার আগে দেশ, সবার আগে দেশ।”


