29 C
Kolkata
Friday, September 11, 2026
spot_img

কুলদীপ যাদবের রেকর্ড ভাঙলেন শ্রী চরণী, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই এল মাইলস্টোন

Aaj India Desk, মুম্বাই: ফাইনালে যাওয়ার লড়াইয়ে কোনও অঘটন ঘটতে দিল না ভারত। দুবাইয়ে মহিলা এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফের খেতাবের মঞ্চে পৌঁছে গেল হরমনপ্রীত কৌরের দল। এই জয়ের ফলে প্রতিযোগিতায় টানা দশমবার ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করল ভারতের মহিলা ক্রিকেট দল। এবার শিরোপার লড়াইয়ে তাদের সামনে থাকবে পাকিস্তান ও শ্রীলঙ্কার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।

টসের পর ব্যাটিংয়ের দায়িত্ব নেয় ভারত। শুরুতেই স্মৃতি মান্ধানাকে মাত্র ২ রানে হারালেও খুব বেশি সময় চাপে থাকতে হয়নি দলকে। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন শেফালি বর্মা। বাংলাদেশের ফিল্ডারদের একাধিক ভুলের সুযোগ নিয়ে দুরন্ত ব্যাটিং করেন তিনি। ৪০ বল খেলে ৬৪ রান করেন শেফালি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার এবং তিনটি ছক্কা।

শেফালিকে সঙ্গ দিয়ে প্রতীকা রাওয়াল করেন ২০ রান। পরের দিকে ঋচা ঘোষ ১৬ বলে ২১ এবং অধিনায়ক হরমনপ্রীত কৌর ২৮ বলে ২৪ রান যোগ করেন। ইনিংসের একেবারে শেষদিকে দীপ্তি শর্মার ৬ বলে ১৩ রানের ছোট অথচ কার্যকর ইনিংস ভারতকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানে পৌঁছে দেয়।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অস্বস্তিতে ছিল বাংলাদেশ। ১০ ওভার শেষে ২ উইকেটে মাত্র ৪৬ রান ছিল তাদের স্কোর। অর্থাৎ শেষ ১০ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৪ রান। বাড়তে থাকা রানরেটের চাপ সামলাতে গিয়ে পরপর উইকেট হারায় নিগার সুলতানার দল।

বাংলাদেশের হয়ে দিলারা আক্তার ২১ এবং স্বর্ণা আক্তার অপরাজিত ২১ রান করেন। তবে ভারতীয় বোলিংয়ের নিয়ন্ত্রণ ভাঙতে পারেননি তাঁরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রানেই থামে বাংলাদেশের ইনিংস।

বল হাতে ভারতের জয়ের অন্যতম নায়ক দীপ্তি শর্মা। চার ওভারে ২৬ রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন তিনি। পাশাপাশি শ্রী চরণীও গড়েন বড় নজির। জুয়াইরিয়া ফেরদৌসকে ১৪ রানে ফেরানোর সঙ্গে সঙ্গে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২৯ ম্যাচে ৫০ উইকেট পূর্ণ করেন তিনি। পুরুষ ও মহিলা মিলিয়ে দ্রুততম ভারতীয় হিসেবে কুলদীপ যাদবের ৩০ ম্যাচের রেকর্ডও পেরিয়ে যান চরণী। তাঁর পিছনে রয়েছেন বরুণ চক্রবর্তী ৩২ ম্যাচে এবং অর্শদীপ সিং ৩৩ ম্যাচে।

২০২৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর মাত্র ১৮ মাসের মধ্যেই বিশ্ব বোলিং ক্রমতালিকায় এক নম্বর জায়গায় পৌঁছনো চরণী এদিন একটি মেডেন ওভারও করেন।

শেষ পর্যন্ত ভারত ৪০ রানে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। সেই ম্যাচের জয়ী দলের বিরুদ্ধেই মেগা ফাইনালে নামবে হরমনপ্রীত-ব্রিগেড।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন