Aaj India Desk, নয়া দিল্লি : তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদরা NCPI দলে যোগদানের পর তাদের ঘিরে একের পর এক রাজনৈতিক জল্পনা তৈরি হচ্ছে। এই নতুন রাজনৈতিক দল সোমবার প্রকাশ্যে স্বাগত জানালো তৃনমূলেরই আরেক সাংসদ শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha)। ঘটনাটি জানাজানি হতেই মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় দলবদলের জল্পনা। তবে কি তৃনমূলের ঘর থেকে বিদায় নিচ্ছেন আরও এক সাংসদ ?
রবিবার তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের একটি অংশ লোকসভার স্পিকারের কাছে এনসিপিআই-তে যোগদানের আবেদন জানিয়েছিল। সেটি অনুমোদিত হওয়ার পর এনসিপিআই-এর সামাজিক মাধ্যমের একটি পোস্টে শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) ছবি প্রকাশ করে তাঁকে দলের পরিবারে স্বাগত জানানো হয়। পোস্টে তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগের প্রশংসা করা হয়।
তবে কয়েক ঘণ্টার মধ্যেই সামনে আসে এই সাংসদের স্পষ্ট অবস্থান। সমস্ত জল্পনাতে জল ঢেলে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) জানিয়েছেন, তিনি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাজনৈতিক জীবনের কঠিন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই কারণে তিনি দলনেত্রীর প্রতি নিজের সমর্থন বজায় রাখবেন। তাঁর বক্তব্য, তিনি অতীতেও তৃণমূলের সঙ্গে ছিলেন, বর্তমানে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
শত্রুঘ্ন সিনহা দাবি করেছেন, তাঁকে বিদ্রোহী শিবিরে যোগদানের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলেও তার সাথে দল পরিবর্তনের কোনো সম্পর্ক নেই বলে তিনি মন্তব্য করেন।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়ী হন শত্রুঘ্ন সিনহা। সেইসময় তিনি নিজের রাজনৈতিক সাফল্যের জন্য তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আসানসোলের ভোটারদের প্রতি বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। মমতার অন্যতম ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য এই নেতা আগেও দলবদলের বিপক্ষেই ছিলেন। বর্তমান পরিস্থিতিতে বিদ্রোহী সাংসদদের NCPI-তে যোগদান ঘিরে রাজনৈতিক অস্থিরতার মধ্যেই শত্রুঘ্ন সিনহার অবস্থান স্পষ্ট হওয়ায় তাঁকে নিয়ে তৈরি হওয়া জল্পনার আপাত অবসান ঘটেছে। তবে বিদ্রোহী গোষ্ঠীর পরবর্তী পদক্ষেপ এবং এনসিপিআই-এর সাংগঠনিক বিস্তার কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


