Aaj India Desk, কলকাতা: দুর্গাপুজোর পাস বেআইনিভাবে বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। শনিবার তাঁকে বিচারভবনে পেশ করা হলে জামিনের আবেদন করেননি তিনি। তবে আদালতে তাঁর আইনজীবী একটি বিশেষ আবেদন জানান। জেলে ইন্দ্রনীল সেনকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার পাশাপাশি তাঁর নিয়মিত ওষুধপত্রের ব্যবস্থা করার আর্জি জানানো হয়।
ইন্দ্রনীলের আইনজীবীর বক্তব্য, তিনি যে সমস্ত ওষুধ নিয়মিত খান, জেলে সেগুলি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তাঁকে প্রথম শ্রেণির বন্দি হিসেবে রাখার আবেদনও জানানো হয়েছে। অন্যদিকে, সরকারি আইনজীবী আদালতে জানান, ইন্দ্রনীলের নিজের দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ২৭ লক্ষ টাকা রয়েছে। এছাড়া মোট ২৭টি অ্যাকাউন্ট ফ্রিজ করে ১০ কোটিরও বেশি টাকা আটকে রাখা হয়েছে। সাম্প্রতিক তল্লাশিতে পুলিশ ১৩টি নথিও উদ্ধার করেছে। সেগুলি খতিয়ে দেখা প্রয়োজন বলে জানান সরকারি আইনজীবী। তদন্ত এখনও গুরুত্বপূর্ণ পর্যায়ে থাকায় জামিনের বিরোধিতা করা হয়।
অভিযোগকারীর আইনজীবী অবশ্য প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দেওয়ার আবেদনের আইনি ভিত্তি নিয়ে শুনানির দাবি জানান। পাল্টা ইন্দ্রনীলের আইনজীবী উদাহরণ হিসেবে বসু ও সান্তনা সেনা বিশ্বাসের প্রথম শ্রেণির বন্দির মর্যাদা পাওয়ার নথি আদালতে জমা দেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আগামী ২১ নভেম্বর পর্যন্ত ইন্দ্রনীল সেনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।


